সেই মডেল মসজিদ ধসে যাওয়ার ঘটনায় শনিবার গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৯ জানুয়ারি সন্ধ্যার আগে নেত্রকোনার বারহাট্টায় নির্মাণাধীন একটি মডেল মসজিদের তৃতীয় তলার একটি অংশের পিলার ও বিম হঠাৎ ধসে পড়ে
ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় নির্মাণাধীন মডেল মসজিদ ভবনের একটি অংশ ধসে পড়ার ঘটনায় আগামী শনিবার গণশুনানি হবে। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ শুনানির আয়োজন করেছে বারহাট্টা উপজেলা প্রশাসন। এতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন উপস্থিত থাকবেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম প্রথম আলোকে জানান, গণশুনানির আগে উপসচিব আবুল কাশেম বেলা ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থল তদন্ত করবেন। এ সময় তিনি প্রত্যক্ষদর্শীসহ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন।

স্থানীয় বাসিন্দা ও নেত্রকোনা গণপূর্ত বিভাগ সূত্র জানায়, জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে বারহাট্টায় উপজেলা ভূমি কার্যালয় এলাকায় মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। তিন তলাবিশিষ্ট ওই মসজিদের ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৪২ লাখ ৯২ হাজার ৬২৮ টাকা। ২০১৯ সালের ২৩ এপ্রিল স্টার লাইন সার্ভিস লিমিটেড অ্যান্ড নাঈমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণকাজের দায়িত্ব দেওয়া হয়। মেয়াদকাল ছিল ১৫ মাস। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও কাজ এখনো বাকি প্রায় ৩৫ শতাংশ। গত ২৯ জানুয়ারি সন্ধ্যার আগে মসজিদের তৃতীয় তলার একটি অংশের পিলার ও বিম হঠাৎ ধসে পড়ে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তড়িঘড়ি করে তা সরিয়ে নেন। তখন জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান বলেছিলেন, কাজ ভালো হয়েছে। পিলার ও বিম ধসে পড়েনি, নির্মাণকাজের ত্রুটি থাকায় নিজেরা উদ্যোগী হয়ে ভেঙে ফেলেছেন।

স্থানীয় বাসিন্দারা অবশ্য এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করে বলেন, নির্মাণকাজ শুরুর পর থেকে নানা ধরনের অনিয়ম দেখা যাচ্ছে। ইট, বালু, পাথর, রডসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে গত ৩১ জানুয়ারি প্রথম আলোয় ‘বারহাট্টায় মডেল মসজিদ ভবনের একটি অংশে ধস, নির্মাণে অনিয়মের অভিযোগ’এবং ২ ফেব্রুয়ারি ‘ধসে পড়া মসজিদ পরিদর্শনে প্রকল্প পরিচালক, তদন্ত কমিটি গঠন’, ৪ ফেব্রুয়ারি ‘মসজিদ ধসের ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। বিশ্বে এই প্রথম কোনো সরকার একসঙ্গে এতসংখ্যক মসজিদ নির্মাণ করছে। ইসলামের মূল বাণী প্রচার করাই এ প্রকল্পের উদ্দেশ্য।বারহাট্টায় মডেল মসজিদ নির্মাণকাজে একটি অংশে ধসের ঘটনায় স্থানীয় প্রশাসন ও গণপূর্ত বিভাগের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে। এ ছাড়া আগামী শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরেজমিনে তদন্ত শেষে গণশুনানির আয়োজন করা হয়েছে। সব তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।