সেই রাতে জোড়া হামলা হয়েছিল দিনাজপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে রাতে কাহারোলে ইস্কন মন্দিরে হামলা হচ্ছিল, একই রাতে প্রায় একই সময় পাশের উপজেলা চিরিরবন্দরে পেট্রলপাম্পে ডাকাতি হয়। পুলিশ বলছে, উভয় ঘটনাতেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি জড়িত। তারা সংগঠনের তহবিল সংগ্রহের জন্য ডাকাতি করেছিল।
পুলিশের রংপুর অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবীর গতকাল শনিবার দিনাজপুরে সংবাদ ব্রিফিংয়ে বলেন, দিনাজপুরে সংঘটিত সাম্প্রতিক সব কটি ঘটনায় জেএমবি জড়িত। এসব ঘটনায় অন্য কোনো গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে। তবে আইএসের (ইসলামিক স্টেট) কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
ডিআইজি বলেন, দিনাজপুর শহরে খ্রিষ্টান ধর্মযাজক পিয়েরো পিচম এবং চিরিরবন্দরে ইস্কন নেতা বীরেন্দ্র নাথকে গুলি করে হত্যার চেষ্টা, কাহারোলে কান্তজিউ মন্দিরের পাশে রাসমেলার যাত্রাপালায় বোমা হামলা এবং সর্বশেষ বৃহস্পতিবার রাতে কাহারোলে ইস্কন মন্দিরে হামলা ও ভুষির বন্দরের পেট্রলপাম্পে (ফিলিং স্টেশন) ডাকাতির ঘটনা একই সূত্রে গাঁথা। এসব জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) কাজ। তিনি বলেন, ইস্কন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) মন্দিরে হামলার ঘটনায় ধরা পড়া যুবকেরা স্বীকার করেছেন, তাঁরাই দিনাজপুরের সাম্প্রতিক হামলাগুলো করেছেন। জঙ্গি কর্মকাণ্ডের তহবিল সংগ্রহের জন্য তাঁরা ফিলিং স্টেশনে ডাকাতি করতে গিয়েছিলেন।
কেন বেছে বেছে বিদেশি নাগরিক ও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, বিদেশিদের হত্যা করে দেশের অগ্রগতি বিনষ্ট করার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাই এসব হামলার উদ্দেশ্য। তিনি বলেন, ‘দেশ যতই অস্থিতিশীল করার চেষ্টা করা হোক না কেন, আমরা সজাগ রয়েছি। পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা মোকাবিলা করে যাচ্ছে। জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। হামলার ঘটনায় জড়িতরা ধরাও পড়ছে। জনগণের সহযোগিতা পেলে খুব দ্রুত দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।’
সংবাদ ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমীনও উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর-রংপুর মহাসড়কের নতুন ভুষির বন্দর এলাকার তৃপ্তি ফিলিং স্টেশনে ডাকাতি হয়। সেখান থেকে ১ লাখ ৬৯ হাজার টাকা লুট করে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে ধরে পিটুনি দেয়। এই তিনজন হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের সাব্বির হোসেন (৩০), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বেংহারি গ্রামের মোহাম্মদ সাদ্দাম (২৫) ও পঞ্চগড়ের বোদা উপজেলার মালিপুকুরী গ্রামের ওসমান গনি (২৮)। তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশে দেয় জনতা। আহত ব্যক্তিদের মধ্যে সাব্বির হোসেন পরে হাসপাতালে মারা যান। অপর দুজন পুলিশি পাহারায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় পরে পুলিশ অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন দিনাজপুর সদরের রাজবাটি এলাকার আহসানুল হাবীব (৩১) ও পটুয়াখালীর বাউফলের নারায়ণপুর গ্রামের জোবায়ের হোসেন ওরফে শাহীন (২৫)। তাঁদের কাছ থেকে আরও দুটি পিস্তল, ছয়টি গুলি, ছয়টি ককটেল, একটি মোটরসাইকেল ও ১৪ হাজার ৩৭৬ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় তিনটি মামলা হয়েছে। মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল জুবায়ের ও আহসানুলকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহত সাব্বির রিকশা চালাতেন ঠাকুরগাঁওয়ে: ডাকাতির ঘটনায় গণপিটুনিতে নিহত সাব্বির সম্পর্কে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক প্রথম আলোকে বলেন, সাব্বির একসময় রেস্তোরাঁয় কাজ করতেন। পরে ব্যাটারিচালিত রিকশা চালানো শুরু করেন। তিনি ঠাকুরগাঁও রোড এলাকার একটি মসজিদের একটি ঘরে থাকতেন। ময়নাতদন্ত শেষে সাব্বিরের লাশ গতকাল ভেলাজান গ্রামে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্দিরে হামলায় মামলা, একজন রিমান্ডে: ইস্কন মন্দিরে হামলার ঘটনায় গতকাল মন্দিরের পুরোহিত গোবর্ধন হরিদাস বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা করেছেন। মামলায় জনতার হাতে ধরা পড়া শরিফুল, মোছাব্বেরসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কাহারোল থানার উপপরিদর্শক তাজেরুল ইসলাম এ তথ্য জানান।
আসামি শরিফুল ইসলামকে গতকাল বিকেলে দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁকে গোয়েন্দা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। আর গণপিটুনিতে আহত মোছাব্বের পুলিশি পাহারায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিমানমন্ত্রী ও হুইপের ঘটনাস্থল পরিদর্শন: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম গতকাল কাহারোলের জয়নন্দ ডহচি গ্রামের ইস্কন মন্দির পরিদর্শনে যান। তাঁরা সেখানে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।
গতকাল সকালে ওই মন্দিরে হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা দিনাজপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে। ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী বলেন, সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, তাদের দেশছাড়া করতেই এ ধরনের হামলা চলছে। তিনি বলেন, ‘জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পুলিশ খুব একটা কার্যকর ভূমিকা দেখাতে পারছে না। এসব ঘটনায় আমরা হতাশ।’