সেচসংকটে অনাবাদি হাজার একর জমি

একটি জলকপাট নির্মাণ করে দেওয়ার জন্য ২০১২ সাল থেকে পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে একাধিকবার আবেদন করা হয়েছে।

মৌলভীবাজারের আখাইলকুরা ইউনিয়নের গোয়ালিকারা এলাকায় অনাবাদি পড়ে থাকা জমি। গত শুক্রবারছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদীঘি হাওরাঞ্চলে সেচসুবিধা না থাকায় প্রায় এক হাজার একর জমি অনাবাদি পড়ে থাকছে। এলাকার কৃষকেরা বলেন, গোয়ালিকারা এলাকাতে একটি জলকপাট নির্মাণ করা হলে তাঁরা হাওরের পানি সেচের কাজে ব্যবহার করতে পারবেন। প্রায় এক দশক ধরে তাঁরা এ দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক কাজী লুৎফুল বারী বলেন, এটি এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। এ এলাকায় সেচব্যবস্থা চালু করা হলে অনেক অনাবাদি জমি চাষের আওতায় আসবে। তবে জলকপাটটি কোন জায়গায় করলে সবার উপকার হবে, এর সম্ভাব্যতা যাচাই করতে হবে পাউবোকে।

সদর উপজেলার আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়নে পড়েছে এসব অনাবাদি জমি। গত শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে গোয়ালিকারা এলাকায় গিয়ে দেখা গেছে, আমন ধান কেটে নেওয়ার পর উজানের বিস্তীর্ণ অংশজুড়ে খড় পড়ে আছে। অন্যদিকে হাওরের দিকে চলে যাওয়া একটি কাঁচা সড়কের দুই পাশজুড়ে যত দূর চোখ যায়, খালি জমি। ভাটির দিকে জমির পাশ দিয়ে বয়ে গেছে লাছগাঙ খাল। এ খালের সঙ্গে যোগ আছে কাউয়াদীঘি হাওরের। কয়েকজন সেচপাম্প লাগিয়ে নালা তৈরি করে জমিতে খালের পানি নিচ্ছেন। কেউ প্লাস্টিকের ২০০-৩০০ ফুট দীর্ঘ পাইপ লাগিয়ে পানি নিচ্ছেন জমিতে। এতে তাঁদের অনেক বাড়তি খরচ হচ্ছে। এ ছাড়া স্থাপিত একটি অস্থায়ী অগভীর নলকূপ দেখা গেছে। বর্ষার আগে সেটি তুলে নিয়ে যাওয়া হবে। বাকি জমিগুলো পতিত পড়ে আছে।

আখাইলকুড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের অনল ঘোষ বলেন, ৩০-৪০ বছর আগেও এসব জমিতে কাতারি (বোনা আমন) ধান হতো।

খইশাউড়া গ্রামের আবদুল কাইয়ূম বলেন, শত শত একর জমি পতিত। খালের আশপাশে থাকা কিছু জমিতে চাষ হয়েছে। পাইপ লাগিয়ে পানি দেওয়া হয়। এতে খরচ অনেক পড়ে যায়। পোষানো যায় না। তাঁরা অনেক দিন ধরে জলকপাট করে দেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু কিছু হয়নি।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা সূত্রে জানা গেছে, এলাকার কৃষকেরা দীর্ঘদিন ধরে গোয়ালিকারা এলাকাতে একটি জলকপাট নির্মাণের মাধ্যমে সেচসুবিধা সৃষ্টির দাবি করে আসছেন। ২০১২ সাল থেকে সংস্থার পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ৩০ জানুয়ারি পাউবো প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে। গোয়ালিকারায় একটি জলকপাট হলে হাওরে ১৫ হাজার মেট্রিক টন অতিরিক্ত ধান উৎপাদিত হবে।

পাউবো মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান বলেন, তিনি শিগগিরই ওই এলাকায় গিয়ে এ দাবির বিষয়টি পর্যবেক্ষণ করে দেখবেন।