সেতু থেকে খালে ঝাঁপ দেওয়ার ১৮ ঘণ্টা পর মিলল শিশুর লাশ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেতু থেকে খালে ঝাঁপ দেওয়ার ১৮ ঘণ্টা পর পাওয়া গেছে এক শিশুর লাশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি গতকাল বুধবার বেলা একটার দিকে উপজেলার মধ্য নাগদা গ্রামে সেতু খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিল।
মারা যাওয়া শিশুটির নাম মাছুম গাজী (১০)। সে একই গ্রামের মো. মাহফুজুর রহমান গাজীর ছেলে। উপজেলার নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে উপজেলার মধ্য নাগদা গ্রামের একটি সেতুর কাছে যায় মাছুম গাজীসহ বেশ কয়েকজন শিশু-কিশোর। খেলার ছলে তারা সেতু থেকে ঝাঁপ দিয়ে খালে পড়তে থাকে। সাঁতার কেটে আবার পাড়ে উঠে আসে তারা। পঞ্চমবারের মতো মাছুম ও তার সহপাঠীরা সেতু থেকে খালের পানিতে ঝাঁপ দেয়। সবাই পাড়ে উঠে এলেও মাছুম পানিতে তলিয়ে যায়। তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু হয়। শেষ পর্যন্ত ১৮ ঘণ্টা পরে আজ সকাল সাড়ে সাতটার দিকে খালের পানিতে মাছুমের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।