সেতু থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ, সন্ধানে দ্বিতীয় দিনের অভিযান চলছে
সিলেট নগরের কাজীর বাজার এলাকায় সেতু থেকে নিচে পড়ে গিয়ে নিখোঁজ কিশোরের সন্ধানে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল নয়টা থেকে আবার অভিযান শুরু করেছে দলটি।
সিলেট ফায়ার সার্ভিস কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ৩টা ৫৫ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জানানো হয়, কাজীর বাজার সেতুর ওপর থেকে এক কিশোর নদীতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি ঘটনাস্থলে যান। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সেতুর নিচে সুরমা নদীতে নেমে নিখোঁজ কিশোরের সন্ধান করেও পাওয়া যায়নি। পরে সন্ধ্যা নামায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আশরাফুল ইসলাম বলেন, গতকাল অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ প্রথম আলোকে বলেন, নিখোঁজ ছেলেটির নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তা জানার জন্য চেষ্টা চলছে।