সেতু নির্মাণ শেষ হয়নি পাঁচ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলায় শ্রীমতখালি খালের ওপর সেতুটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ। মানুষ বাঁশের সাঁকো দিয়ে খাল পার হচ্ছে। সম্প্রতি তোলা​ ছবি l প্রথম আলো
নওগাঁর রানীনগর উপজেলায় শ্রীমতখালি খালের ওপর সেতুটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ। মানুষ বাঁশের সাঁকো দিয়ে খাল পার হচ্ছে। সম্প্রতি তোলা​ ছবি l প্রথম আলো

নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নে শ্রীমতখালি খালের ওপর সেতুটির নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। গত ফেব্রুয়ারিতে পিলার দেবে যাওয়ার পর এর কাজ বন্ধ রয়েছে। ফলে ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হচ্ছে।

মিরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, নির্মাণে ব্যাপক অনিয়ম ও কাজের মান নিম্ন হওয়ায় উদ্বোধনের আগেই সেতুটির পিলার দেবে গেছে। নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। বিকল্প একটি সেতু নির্মাণ করার জন্যও কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কাজ হয়নি।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের শুরুতে উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বিশেষ প্রকল্পের তহবিলে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। এরপর তিন দফায় কাজ চলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্মাণাধীন সেতুটির মাঝখানের একটি পিলার দেবে যায়। এরপর আর কাজ করা হয়নি।

এলাকার লোকজন বলেন, ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের মানুষ নৌকায় চলাচল করত। কয়েক বছর আগে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশের একটি সাঁকো তৈরি করেন। পরে খালের ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণের শেষ দিকে সেতুটির পিলার দেবে যায়। এরপর প্রায় এক বছর পার হলেও এটি পুনর্নির্মাণ করার পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এখন প্রায় ১৫টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র উপায় নড়বড়ে বাঁশের সাঁকোটিই।

হামিদপুর গ্রামের নজরুল ইসলাম ও আনোয়ার হোসেনসহ কয়েকজন বলেন, তাঁরা আগে অবহেলিত ছিলেন, আজও তা-ই। তাঁদের ভাগ্যে আধুনিক যোগাযোগব্যবস্থা নেই। ব্রিজের অভাবে মানুষজন তাদের উৎপাদিত পণ্য সহজে পরিবহন করতে পারছে না। এতে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।

উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা বলেন, সেতুটির পিলার কেন দেবে গেল, তা জানতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি এখনো প্রতিবেদন দেয়নি। এখন নতুন করে ওই এলাকার মাটি পরীক্ষা করা হচ্ছে। সেতুটি পুনর্নির্মাণের সব প্রস্তুতি শেষের দিকে। বরাদ্দ পেলেই নির্মাণকাজ শুরু করা হবে।