কুষ্টিয়ার কুমারখালী
সেতু নির্মাণে ধীরগতি, মানুষের ভোগান্তি
২৫ মিটার সেতুটি এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু দুই বছরেও সেতুর নির্মাণকাজ শেষ হয়নি।
কুষ্টিয়ার কুমারখালীতে সেতু নির্মাণে ঠিকাদারের গাফিলতিতে দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের বাসিন্দারা। ২৫ মিটার দীর্ঘের সেতুটি এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু দুই বছরেও সেতুর নির্মাণকাজ শেষ হয়নি।
নির্মাণকাজের তদারকিতে থাকা ব্যক্তিরা বলছেন, গত বুধবার পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ৪০ ভাগ কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হওয়া কথা রয়েছে।
কুমারখালী উপজেলার গড়েরমাঠ বিলে পিসি গার্ডারের সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করে। চরম ভোগান্তিতে রয়েছে কুমারখালী উপজেলার সদকী, জগন্নাথপুর, শিলাইদহ ও খোকসা উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, তদারকির অভাব ও জবাবদিহি না থাকায় ঠিকাদারের গাফিলতিতে ধীরগতিতে সেতু নির্মাণের কাজ চলছে।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, কুমারখালী শহর থেকে বাটিকামারা হয়ে মহেন্দ্রপুর যেতে গড়েরমাঠ বিল। সেখানে ২০২০ সালে ২৫ মিটার দীর্ঘ ও ৭ দশমিক ৩ মিটার প্রস্থের সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ২ কোটি ৪৯ লাখ টাকা। নড়াইলের লোহাগড়ার মেসার্স নূর কনস্ট্রাকশন ওই বছরের ১৯ ফেব্রুয়ারি কার্যাদেশ পায়। তবে স্থানীয়ভাবে কুষ্টিয়া শহরের ঠিকাদার রফিকুল ইসলাম কাজটি করতে থাকেন। ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি কাজের মেয়াদ শেষ হলেও সেতুর কাজ শেষ হয়নি।
বুধবার দুপুরে দেখা যায়, দুই পিলারবিশিষ্ট সেতুর এক পিলারে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। আরেকটি পিলার নির্মাণে রড বাঁধা হয়েছে। সেখানে দুজন শ্রমিক কাজ করছেন। পাশে যানবাহন চলাচলের জন্য বিকল্প তৈরি করা হয়েছে। সেই এবড়োখেবড়ো সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।
ভ্যানচালক শামীম রহমান বলেন, ‘ভ্যান চালাতে গিয়ে সমস্যা হয়। সেতু নির্মাণে জোর দিতে কারও কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না।’
পণ্যবোঝাই ভ্যান নিয়ে আটকে পড়েছেন মোহাম্মদ মজনু নামের চালক। তিনি বলেন, ‘এই বিরিজ আর কত দিনে হবে? মাল নিয়ে যাতি পারিনে। ভ্যান নষ্ট হয়ে যায়, যা ইনকাম করি ভ্যান সারতিই শ্যাষ হয়া যায়। কাকে কী কবো।’
ইজিবাইকচালক সিদ্দিকুর রহমান বলেন, ‘ইজিবাইক উল্টি যায়। ভ্যান ভাঙি পড়ি যায়। ট্রলি নষ্ট হয়ি পড়ে। সমিস্যার শ্যাষ নাই। কত মানুষ গালিগালাজ করে। কে শোনে কার কথা।’
এই সড়ক দিয়ে কুমারখালী উপজেলার জগন্নাথপুর, শিলাইদহ ও সদকী ইউনিয়ন, খোকসা উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা চলাচল করে। সেতুর কাজ শেষ না হওয়ায় জনদুর্ভোগ বেড়েই যাচ্ছে।
বুধবার দুপুর ১২টার দিকে নির্মাণকাজের স্থানে দাঁড়িয়ে ছিলেন ঠিকাদার রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, এই সেতু নির্মাণে নানা জটিলতা ছিল। সেসব কাটিয়ে এ পর্যায়ে আসা হয়েছে। সামনে শ্রমিকসংখ্যা বাড়ানো হবে। আশা করা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে মানুষ সেতু দিয়ে চলাচল করতে পারবে।
সদকী ইউপির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন বলেন, গড়েরমাঠ সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। কাজ শেষ করার ব্যাপারে বারবার তাগিদ দিয়েও কাজ হচ্ছে না।
এ সম্পর্কে উপজেলা প্রকৌশলী আবদুর রহিম বলেন, সেতুর নির্মাণকাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছর জুনের আগেই সেতু দিয়ে চলাচল শুরু হবে।