সেতু, পুলিশ ফাঁড়ি ও শুল্ক স্টেশনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতু, পুলিশ ফাঁড়ি ও শুল্ক স্টেশনের দাবিতে মানববন্ধন। মঙ্গলকাটা বাজার, সদর উপজেলা, সুনামগঞ্জ, ১৬ সেপ্টেম্বর দুপুর
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট এলাকায় সুরমা নদীতে সেতু, নদীর উত্তর পাড়ে মঙ্গলকাটা এলাকায় পুলিশ ফাঁড়ি এবং ডলুরায় শুল্ক স্টেশন স্থাপনের দাবিতে আজ বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। এলাকার মঙ্গলকাটা বাজারে দুপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘জাগো উত্তর সুরমা’র উদ্যোগে এ মানববন্ধন হয়।

জাগো উত্তর সুরমার সভাপতি আইনজীবী শামীম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনজীবী আবুল হোসেন, সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার, শিক্ষক শাহ আলম ইলিয়াস, সমাজকর্মী মমিন আহমেদ, মোহাম্মদ আবুল কালাম, সুলতান আহমদ, উত্তর সুরমা প্রবাসীকল্যাণ পরিষদের সদস্য মোহাম্মদ আবু তাহের প্রমুখ।

বক্তারা বলেন, সদর উপজেলার সুরমা নদীর উত্তর পাড়ে তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের বসবাস। ওই এলাকায় একটি সীমান্ত হাট রয়েছে। সীমান্তের ডলুরা শহীদ স্মৃতিসৌধ এলাকায় প্রতিদিন শহর থেকে লোকজন যাতায়াত করে। সেখানে একটি শুল্ক স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ব্যবসা-বাণিজ্যের জন্যও এলাকাটি পরিচিত। কিন্তু সুরমা নদীতে কোনো সেতু না থাকায় জেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে এলাকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনও জরুরি। বক্তারা দ্রুত হালুয়াঘাটে সুরমা নদীতে সেতু নির্মাণ ও ডলুরায় শুল্ক স্টেশন চালুর দাবি জানান।