যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নোয়াখালীর সোনাপুর-চরজব্বার সড়কের একটি সেতু বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে যানবাহনগুলোকে প্রায় পাঁচ-ছয় কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজারের কাছে সেতুটি অবস্থিত। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেতুর এক প্রান্তে উঁচু করে মাটি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। অন্য প্রান্তে সড়কের ওপর কয়েকটি খুঁটি পুঁতে দেওয়া হয়েছে, যাতে কোনো যানবাহন সেতুর ওপর উঠতে না পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সেতুর বেশ কিছু অংশ ধসে পড়ে। এতে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ১৫-১৬ বছর আগে নির্মাণ করা সেতুটির একটি অংশ বছরখানেক আগে ভেঙে পড়েছিল। এলজিইডি পরে তা সংস্কার করে।
স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, সেতুটি বন্ধ করার আগে বিকল্প সড়ক করে দেওয়া উচিত ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা না করায় পাঁচ-ছয় কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অটোরিকশার চালক জসিম উদ্দিন বলেন, সেতুটি বন্ধ করে দেওয়ায় অনেক পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এ জন্য বাড়তি ভাড়া চাইলেও যাত্রীরা দিতে চান না। এ কারণে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে ঝগড়া করতে হয়।
সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তাসাউর রহমান প্রথম আলোকে বলেন, যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেতুটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, দরপত্র আহ্বানের আগে সেতুর পাশে বিকল্প সড়ক তৈরি করা সম্ভব নয়। কারণ, সেখানে বিকল্প সড়ক করতে হলে পাঁচ-সাত লাখ টাকা লাগবে, যা তাঁর পক্ষে খরচ করা সম্ভব নয়।