সেতু হয় না, সাঁকোই ভরসা, এলাকাবাসীর দুর্ভোগ

এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানায়ে আসছে। কিন্তু সেতু নির্মাণ করা হয়নি।

কালুখালী উপজেলার পদ্মা নদীর তীরবর্তী পাগলের ঘাট এলাকায় বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করে এলাকাবাসী। সম্প্রতি তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারীখোলা গ্রামে পাগলের ঘাট এলাকায় সরু বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয় এলাকাবাসীকে। তাঁরা দীর্ঘদিন ধরে দাবি জানালেও সেতু নির্মাণ করা হয়নি। ফলে তাঁদের ভোগান্তিও দূর হচ্ছে না।

রতনদিয়া ইউনিয়নে পদ্মা নদীর বেড়িবাঁধের পাশে পাগলের ঘাটের অবস্থান। শুষ্ক মৌসুমে পদ্মার পানি শুকিয়ে যায়। কিন্তু বর্ষাকালে ওই এলাকা প্লাবিত থাকে। এমনকি সাঁকোও মাঝেমধ্যে তলিয়ে যায়। সাঁকো ব্যবহার করে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। পার্শ্ববর্তী মুরারীখোলা, পশ্চিম হারুয়া, মাধবপুর, হরিণবাড়িয়া, বাঘঝাঁপা, ভাগলপুর, লস্করদিয়া, সালেপুর, কৃষ্ণনগর, সাদারচর প্রভৃতি গ্রামের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যায়।

মুরারীখোলা গ্রামে চৌরাস্তায় দুটি মুদিদোকান। একটি পাগলের দোকান নামে পরিচিত। ওই দোকানের পাশ দিয়ে উল্টো দিকে কাঁচা রাস্তা নেমে গেছে। ৫০ গজ সামনে এগোলেই বাঁশের সাঁকো, যার দৈর্ঘ্য প্রায় ১৫০ মিটার। সাঁকো পার হওয়ার পর মাটির আঁকাবাঁকা রাস্তা। রাস্তার দুই পাশে ফসলের খেত। পানি কমে যাওয়ায় পদ্মার তীর ঘেঁষে শর্ষে চাষ করা হয়েছে।

পশ্চিম হারুয়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা খান বলেন, প্রতিদিন এই বাঁশের সাঁকো দিয়ে ১০-১৫টি গ্রামের মানুষ যাতায়াত করেন। শতাধিক শিক্ষার্থী সকাল-বিকেল পারাপার হয়। বর্ষার সময় তাদের খুব সমস্যা হয়। কারণ, বাঁশের সাঁকো ও চরের দিকের কিছু রাস্তা পানিতে তলিয়ে যায়। তখন নৌকায় যাতায়াত করতে হয়।

স্থানীয় রূপসা মেধা-চয়ন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার সরকার বলেন, ‘আমাদের বিদ্যালয়টি বেড়িবাঁধের পাশেই অবস্থিত। নদী ভাঙনকবলিত চর এলাকায় বিদ্যালয়ের সংখ্যা কম। চর এলাকা থেকে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী পড়ালেখার জন্য এই পথ দিয়ে যাতায়াত করে। বর্ষাকালে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সেতু না থাকায় এলাকায় লোকজন পণ্য পরিবহনের সমস্যায় পড়েন। মুরারীখোলা গ্রামের বাসিন্দা নিখিল চন্দ্র বিশ্বাস বলেন, চরাঞ্চলে ফসল ভালো হয়। সব ধরনের ফসলের আবাদ করা হয়। সেতু না থাকায় ফসল মাথায় করে আনতে হয়। যাতায়াতের ভালো ব্যবস্থা থাকলে কৃষকদের অনেক উপকার হতো। তিন-চার বছর পরপর নতুন করে সেতু তৈরি করতে হয়। এতে অনেক টাকা খরচ হয়।

রতনদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, বাঁধের ভেতরের কয়েকটি গ্রামের মানুষ ফসল তুলতে যায়। আবার পদ্মাপাড়ের মানুষ ফসল বিক্রি করার জন্য নিয়ে আসে। এতে সবার দুর্ভোগ পোহাতে হয়। ওই এলাকায় সেতু নির্মাণ করা হলে সবার উপকার হবে।

এ বিষয়ে কালুখালী উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার বলেন, ‘সাঁকো দিয়ে পারাপারের বিষয়টি অবগত আছি। সেতু নির্মাণের জন্য প্রাথমিক কার্যক্রম চলছে।’