সেতুতে মই দিয়ে ওঠানামা

আগৈলঝাড়ার চাঁদত্রিশিরা এলাকায় প্রায় দেড় কোটি টাকায় সেতুটি নির্মাণ করা হয়। আজও সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।

বরিশালের আগৈলঝাড়া উপজেলারদক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের শংকর খালের ওপর নির্মিত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই। স্থানীয়রা মই বেয়ে সেতুটিতে ওঠানামা করছেন। সম্প্রতি তোলা ছবিপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে দুই বছর আগে নির্মিত হয়েছে সেতুটি। বহুল প্রতীক্ষিত সেতু পেলেও, সুফল পাচ্ছে না এলাকাবাসী। সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই। মাটি ফেলে সড়কও সেতুর সমান্তরাল করা হয়নি। এতে মই দিয়ে সেতুতে ওঠানামা করতে হয়। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। দীর্ঘ তিন বছর ধরে সেতুতে এভাবে সেতুতে ওঠানামা করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে সেতু-সংলগ্ন আট গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। সেতুটি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের শংকর খালের চাঁদত্রিশিরা এলাকায়।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ঠিকাদারের অনিয়ম ও গাফিলতির কারণে সেতুটি নির্মাণের পরও এটি ব্যবহার করা যাচ্ছে না। জরুরি ভিত্তিতে সেতুর গোড়ায় মাটি দিয়ে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গৌরনদী কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল এলজিইডি ২০১৮-১৯ অর্থবছরে ৫০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণে ২০১৯ সালের জানুয়ারিতে দরপত্র আহ্বান করে। ব্যয় ধরা হয় ১ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নে ২০১৯ সালের মার্চ মাসে মেসার্স শরীফ এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের ডিসেম্বর মাসে কাজ শেষ করে বিল তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, আগৈলঝাড়ায় তিনি সদ্য যোগদান করেছেন। বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য ঠিকাদারকে কঠোর নির্দেশ দেওয়া হবে। নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনিয়ম করেছে। সেতু নির্মাণের আগে এলাকাবাসী ও পথচারীর যাতায়াতের জন্য একটি বিকল্প সড়ক নির্মাণের কথা ছিল। তা না করেই সেতু নির্মাণের কাজ করা হয়। ফলে সেতু নির্মাণকালে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। সেতু নির্মাণকাজ শেষ করার পরেও এটির দুই পাশে গোড়ায় মাটি দেওয়া হয়নি। ফলে সেতুটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিন দেখা যায়, বাঁশ আর কাঠের তৈরি মই বেয়ে সেতুতে উঠতে হয়। নামতেও হয় মই বেয়ে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাগধা ইউনিয়নের সোমাইপাড়, নাঘিরপাড়, খাজুরিয়া, চাঁদত্রিশিরা, দক্ষিণ চাঁদত্রিশিরা, চান্দ, আস্কর কালীবাড়ি, আস্কর গ্রামসহ আট গ্রামের বাসিন্দাদের। বর্ষা মৌসুমে বাঁশের সাঁকো তৈরি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য সহিদুল ইসলাম বলেন, দেড় কোটি টাকার সেতু এলাকাবাসীর কোনো উপকারে আসছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর গোড়ায় মাটির কাজ ও সংযোগ সড়কে না করেই বিল তুলে নিয়েছে। বিষয়টি বারবার আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলীকে জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ইউনুস বক্তিয়ার বলেন, ‘সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি আমাদের কোনো কাজেই আসছে না। আমরা এলাকাবাসী চাঁদা ও বাঁশ তুলে বাঁশের মই দিয়ে সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছি।’

স্থানীয় কৃষক কমলেশ বাড়ৈ বলেন, সংযোগ সড়ক না থাকায় জমিতে উৎপাদিত ফসল অনেক কষ্টে বাড়িতে নিতে হয়। সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় ভ্যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মাথায় করে ফসল বাড়িতে নিতে হয়।

এ বিষয়ে বাগধা ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়ার জন্য স্থানীয় ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীকে বারবার বলা হলেও এখন পর্যন্ত সেতুর গোড়ায় মাটির কাজ সম্পন্ন করেননি তাঁরা।

অভিযোগ সম্পর্কে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফয়েজ শরীফের কাছে জানতে চাইলে বলেন, সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে, কিন্তু সেতুর পাশে পুকুর থাকায় ওই পুকুর ভরাট করে সংযোগ সড়ক নির্মাণ করতে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন। ইতিমধ্যেই অতিরিক্ত বরাদ্দ চেয়ে এলজিইডি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।