সেতুমন্ত্রীর গ্রামের বাড়ির সামনে থেকে আবার ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়ির সামনে থেকে উদ্ধার করা ককটেল ও কার্তুজের খোসা। গতকাল মঙ্গলবার রাতে
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির রাস্তার মুখে দুটি অবিস্ফোরিত ককটেল, দুটি চকলেট বোমা ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে বাড়ির নিরাপত্তাপ্রহরীর তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ এগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় আজ বুধবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এর আগে গত ১৬ এপ্রিল রাতে মন্ত্রীর বাড়ির সামনে ককটেল হামলা চালিয়েছিল একদল দুর্বৃত্ত। স্থানীয় সূত্র জানায়, সেতুমন্ত্রীর গ্রামের বাড়িতে তাঁর ছোট দুই ভাই ও স্বজনেরা থাকেন। এর মধ্যে আবদুল কাদের মির্জা কয়েক মাস ধরে রাতে বাড়িতে থাকেন না। তিনি বসুরহাট পৌরসভা ভবনের একটি কক্ষে থাকেন।

আবদুল কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান ওরফে বকুল আজ সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১২টার দিকে লোকজনের ডাকাডাকিতে তাঁর ঘুম ভাঙে। তখন তিনি শোনেন, বাড়ির সামনে কারা গুলি করেছে। সেখান থেকে কয়েকটি ককটেল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির লোকজন আতঙ্কগ্রস্ত বলে তিনি জানান।

সেতুমন্ত্রীর ছোট ভাই শাহদাত হোসেন প্রথম আলোকে বলেন, তিনি অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। এলাকা থেকে তাঁকে জানানো হয়েছে, গতকাল রাতে কারা নাকি বাড়ির সামনে গুলি করেছে এবং ককটেল হামলা চালিয়েছে। পরে পুলিশ অবিস্ফোরিত অবস্থায় সেগুলো উদ্ধার করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, রাত ১২টার দিকে মন্ত্রীর বাড়ির নিরাপত্তাপ্রহরী বাড়ির দিকে ঢোকার সময় দেখেন, বাড়ির রাস্তার মাথায় এবং দাগনভূঞা-বসুরহাট সড়কের পাশে চারটি ককটেল ও একটি কার্তুজ পড়ে আছে। তাৎক্ষণিক তিনি এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন ঘটনাস্থলে যান। তাঁরা গিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল, দুটি চকলেট বোমা ও একটি কার্তুজ উদ্ধার করেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন প্রথম আলোকে বলেন, আশপাশের লোকজন জানিয়েছেন যে তাঁরা কেউ কোনো আওয়াজ শোনেননি। ককটেল ও কার্তুজের খোসা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তবে এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি।