সেতুমন্ত্রীর দুই ভাগনেসহ ৮৫ জনের বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলার আবেদন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আবদুল কাদের মির্জার অনুসারীদের ওপর হামলা-গুলির ঘটনায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই ভাগনে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৮৫ জনকে আসামি করে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াখালীর ৪ নম্বর বিচারিক আদালতে কাদের মির্জার অনুসারী দেলোয়ার হোসেন ওই আবেদন করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজান শুনানি শেষে বাদীর অভিযোগ আমলে নেন। এরপর বিচারক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিবিআই নোয়াখালীকে নির্দেশ দেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী শংকর চন্দ্র ভৌমিক আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত ২৯ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের ওপর হামলা ও গুলির ঘটনায় দেলোয়ার হোসেন ওরফে সুজনের পক্ষে তিনি আদালতে মামলার আবেদনটি জমা দিয়েছেন।
আইনজীবী শংকর চন্দ্র ভৌমিক বলেন, মামলায় মাহবুবুর রশিদকে প্রধান আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানকে ২ নম্বর, ফখরুল ইসলামকে ৩ নম্বর এবং চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে ৪ নম্বর আসামি করা হয়েছে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এই চার আসামির মধ্যে মাহবুবুর রশিদ ও ফখরুল ইসলাম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে। এর আগেও ওবায়দুল কাদেরের ভাগনেদের বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীরা বাদী হয়ে থানায় ও আদালতে একাধিক মামলা করেছেন। সব কয়টি মামলাই তদন্তাধীন।
মামলার প্রধান আসামি মাহবুবুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘কাদের মির্জার অপরাজনীতির বিরুদ্ধে যখন গোটা কোম্পানীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ, তখন তিনি নানা ঘটনা সাজিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের স্তব্ধ করতে চাইছেন। আজ আদালতে কাদের মির্জার অনুসারীকে দিয়ে দায়ের করা মামলার আবেদনও তার ধারাবাহিকতার অংশ। আমরা আইনিভাবে এসব মামলা মোকাবিলা করব।’
অপরদিকে মামলার ২ নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, ২৯ মে হামলা ও গুলির ঘটনায় করা মামলায় তাঁকে আসামি করা হলেও ওই দিন তিনি নোয়াখালীতেই ছিলেন না। এগুলো কাদের মির্জার ষড়যন্ত্রের অংশ।
গত ২৯ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় গুলিতে আহত হন কাদের মির্জার সাতজন অনুসারী ও একজন পথচারী। কাদের মির্জার অভিযোগ, মাহবুবুর রশিদ ও মিজানুর রহমানের লোকজন পরিকল্পিতভাবে তাঁর সমর্থকদের ওপর হামলা ও গুলি চালিয়েছেন।