লালমনিরহাটের পাটগ্রাম
সেতুর আশায় কেটে গেছে ৩০ বছর
একটি সেতু নির্মাণ করা গেলে ওই গ্রামগুলোর প্রায় ১৫ হাজার মানুষের ৩০ বছরের দুর্ভোগ দূর হবে।
সেতু নেই বলে সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ। সেই সাঁকোও ভেঙে গেছে। এখন লোকজন হাঁটু পানি মাড়িয়ে চলাচল করছেন। লালমনিরহাটের পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের জোড়াপুল (গাড়িঘাট) গ্রামে কোনো সেতু না থাকায় ঝুঁকি নিয়ে ১০টি গ্রামের মানুষ সানিয়ারজান নদ পারাপার হচ্ছেন। একটি সেতু নির্মাণ করা হলে প্রায় ১৫ হাজার মানুষের ৩০ বছরের দুর্ভোগ দূর হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালের ২৬ জুন উপজেলার ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতা (দহগ্রাম ইউনিয়ন) দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়। ওই সময় পাটগ্রাম সদর থেকে দহগ্রাম আঙ্গরপোতা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটারের আঞ্চলিক পাকা সড়ক নির্মাণ করে লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ওই সড়কের পাবনাপাড়া গ্রামে বেইলি সেতু আছে। জোড়াপুলসহ আশপাশের ১০টি গ্রামের মানুষের পাটগ্রাম সদরে যেতে হলে পাবনাপাড়া গ্রামের সেতু দিয়ে যেতে হয়। এতে প্রায় ছয় কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়।
পরে চলাচলের সুবিধার্থে জোড়াপুল গ্রামের লোকজন নিজেদের উদ্যোগে জুম্মারপাড় এলাকায় বাঁশের সাঁকো নির্মাণ করেন। সাঁকোটি পার হলেই পাটগ্রাম সদর-দহগ্রাম আঙ্গরপোতা আঞ্চলিক পাকা সড়ক। সময় বাঁচাতে ও দুর্ভোগ থেকে রেহাই পেতে প্রায় ৩০ বছর ধরে এভাবেই চলাচল করছেন স্থানীয় ব্যক্তিরা। জুম্মারপাড় এলাকায় সেতু নির্মাণের জন্য স্থানীয় ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই দাবি জানালেও দৃশ্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ডাঙ্গারপাড়া গ্রামের কৃষক রহমান মিয়া বলেন, ‘কতদিন ধরি উপজেলার ইঞ্জিনিয়ার অফিসের লোকজন আইসে। নদীর ওপর পুল (সেতু) দিবার জন্য মাপি যায়। পুলখান তো আর হয় না।’
পাটগ্রাম কলেজের ছাত্র জুয়েল হোসেন বলেন, এই গ্রামের অনেক ছেলেমেয়ে উপজেলা শহরের স্কুল ও কলেজে লেখাপড়া করে। নদের ওপর সেতু না থাকায় অনেকে বর্ষাকালে বিদ্যালয় ও কলেজে যেতে চায় না। এ ছাড়া কাঁচা মাটির সড়ক আছে। তবে ওই দিক দিয়ে যেতে অনেক পথ ঘুরতে হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, স্কুল–কলেজের ছাত্রছাত্রীসহ আশপাশের লোকজন হাঁটুপানি মারিয়ে যাতায়াত করছেন। পানির মধ্যে ভাঙা সাঁকোর কিছু অংশ দেখা যাচ্ছে। স্থানীয় ব্যক্তিরা জানান, গত বর্ষায় নদের ওপর ৩০০ ফুটের নড়বড়ে একটি বাঁশের সাঁকো ছিল। বর্ষা মৌসুম শেষে নদ ছোট হয়ে এলে সেখানে বড় সাঁকো সরিয়ে আবার একটি ছোট সাঁকো নির্মাণ করা হয়। তবে নদে আবার পানি বাড়তে শুরু করায় গত সপ্তাহে পানি তোড়ে ছোট সাঁকোটি ভেঙে গেছে।
লক্ষ্মনাথের কামাত গ্রামের কৃষক আবদুল গফুর বলেন, এই সাঁকো পার হলেই পাটগ্রাম উপজেলা শহরের দূরত্ব সাত কিলোমিটার। কিন্তু কৃষিপণ্য নিয়ে সাঁকো ওপর দিয়ে চলাচল করা যায় না। এ ক্ষেত্রে পাবনাপাড়া গ্রাম দিয়ে যেতে হলে পণ্য বহনের খরচ বেড়ে যায়।
কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক বলেন, স্থানীয় সাংসদ মোতাহার হোসেন ইতিমধ্যে েসতু নির্মাণের জন্য আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাটগ্রাম উপজেলার প্রকৌশলী মাহাবুব-উল আলম বলেন, ইতিমধ্যে সয়েল টেস্টসহ (মাটি পরীক্ষা) সেতু নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। বরাদ্দ এলেই সেতুটির নির্মাণকাজ শুরু করা যাবে ।