সেতুর ওপর মুদিদোকান

৩৬ ফুট দৈর্ঘ্যের ওই সেতু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম ও নান্দাইল উপজেলার দাতারাটিয়া গ্রামকে সংযুক্ত করেছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রামের বাঘঝুঁড়ি খালের ওপর নির্মিত সেতুতে দোকান। সম্প্রতি তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ লাখ টাকা ব্যয়ে খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর দুই পাশে কোনো সংযোগ সড়ক নেই। এর ফলে এ সেতু তেমন কাজেই আসছে না। এদিকে সেতুর পাটাতনের (স্ল্যাব) ওপর গ্রামের এক ব্যক্তি মুদিদোকান বসিয়ে দোকানদারি করছেন।

৩৬ ফুট দৈর্ঘ্যের ওই সেতু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম ও নান্দাইল উপজেলার দাতারাটিয়া গ্রামকে সংযুক্ত করেছে। ২০১৫-১৬ অর্থবছরে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দত্তগ্রামের বাঘঝুড়ি খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির উদ্বোধন করেন ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাংসদ ফখরুল ইমাম।

গত রোববার দেখা যায়, দত্তগ্রামের বাসিন্দা মো. মোবারক হোসেন (৩৫) ওই সেতুর ওপর দোকান বসিয়েছেন। দোকানের সামনে গ্রাহক বসার জন্য সেতুর রেলিংয়ে টুল বসানো হয়েছে। সেতুটি হেঁটে পার হতে টুলের সামনে কিছুটা জায়গা রাখা হয়েছে।

দত্তগ্রামের মো. আল আমীন জানান, সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে সমস্যা হতো। অনেক সময় শিশুরা হামাগুড়ি দিয়ে সেতুর ওপরে উঠা–নামা করার সময় পিছলে নিচে পড়ে যেত। এ সমস্যা দূর করার জন্য তিনিসহ কয়েক তরুণ কিছু মাটি ফেলে আলপথের মতো তৈরি করে দেন। তারপরও সেতুর ওপরে উঠতে গিয়ে শিশুরা প্রতিনিয়ত পিছলে পড়ে যাচ্ছে। বৃষ্টি হলে তো বড়দেরও চলাচল করতে সমস্যা হয়।

আছির আলী খাঁ নামের এক বৃদ্ধ বলেন, ‘বাবারে, সরহার আমরার চলাচল করার জন্য সেতু বানাইয়া দিছে ঠিহই। কিন্তু আমরার রাস্তার তা মাডি দিছে না।’

দোকানি মোবারক হোসেন বলেন, সংযোগ সড়ক না থাকায় সেতুর ওপর দিয়ে রিকশা, ইজিবাইক ইত্যাদি চলাচল করতে পারে না। সেতুটি খালি থাকায় দোকানটি বসিয়েছেন। লোক চলাচলের জন্য এক পাশে কিছুটা জায়গা রাখা হয়েছে। যানবাহন চলাচল শুরু হলে তিনি দোকানটি সরিয়ে নেবেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, গ্রামের বাসিন্দারা বা এলাকার জনপ্রতিনিধিরা এ বিষয়ে তাঁকে কিছু জানাননি। তবে একটা প্রকল্পের আওতায় নিয়ে সেতুর দুই পাশে মাটি ফেলার কাজটি করে দেবেন তিনি।