সেতুর কাজ বন্ধ, ভাঙা সাঁকোয় চলতে ঝুঁকি

জানুয়ারি মাসে ঠিকাদার ৩৪ ফুট দীর্ঘ সেতুর দুই পাশের কাঠামোর কিছু কাজ করে। এরপর থেকে কাজ বন্ধ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলই নদের ওপর সেতু নির্মাণের কাজ প্রায় আট মাস ধরে বন্ধ আছে। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের আমতলিতে
ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জলুই নদের ওপর আমতলি সেতুর নির্মাণকাজ প্রায় আট মাস ধরে বন্ধ থাকায় দুর্ভোগে পড়ছে পথচারীরা। এই দুর্ভোগ আরও বেড়েছে চলাচলের বিকল্প পথ হিসেবে ব্যবহৃত বাঁশের সাঁকোটি বেহাল হওয়ার কারণে। মেরামত না করায় সাঁকোটির বিভিন্ন অংশ ভেঙে গেছে।

উপজেলার সেনগাঁও ইউনিয়নে পীরগঞ্জ-ফকিরগঞ্জ সড়কে আমতলি সেতু। ৪ আগস্ট দুপুরে বিকল্প পথ হিসেবে বাঁশের সাঁকো দিয়ে চলাচলের সময় পানিতে পড়ে আহত হন এক ব্যক্তি। এর আগে গত ২৩ জুলাই এ সাঁকো দিয়ে যাওয়ার সময় ভাঙা অংশে ঢুকে পা ভেঙে যায় এক ব্যক্তির। পথচারীরা জানান, এই পথে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সম্প্রতি আমতলি সেতুর আশপাশের কয়েকজন বাসিন্দা জানান, চলতি বছরের জানুয়ারির দিকে ঠিকাদার ৩৪ ফুট দীর্ঘ আমতলি সেতুর দুই পাশের কাঠামোর কিছু কাজ করে। এর পর থেকে কাজ বন্ধ।

কানাড়ি গ্রামের আনিসুর রহমান বলেন, কয়েকটি গ্রামের হাজারো মানুষ পীরগঞ্জ-ফকিরগঞ্জ সড়ক দিয়ে যাতায়াত করে। বাঁশের বেহাল সাঁকোর কারণে যান চলাচল করতে পারে না।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পীরগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলি সেতু তৈরির জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ টাকা চুক্তি মূল্যে কাজ পেয়েছে যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড। গত বছরের ১০ আগস্ট দরপত্র জমা ও ২২ আগস্ট চুক্তি সম্পাদন করে ঠিকাদার। একই বছর ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া কাজ চলতি বছরের ২৮ অক্টোবর শেষ হওয়ার কথা।

সেতু তৈরির কাজ শতভাগ বুঝে নেওয়ার জন্য পীরগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবদুল গনি ও আলী হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবদুল গনি বলেন, তিনি যাতায়াতের কষ্টের অভিযোগ পেয়েছেন। বিকল্প রাস্তা ও বাঁশের সাঁকো মেরামতের জন্য ঠিকাদারকে চাপ দেওয়া হচ্ছে।

ঠিকাদারের পক্ষে কাজ করছেন রংপুরের পাটগ্রাম উপজেলার আহসান রাকিব। তিনি বলেন, নতুন সেতু নির্মাণ ও বিকল্প পথ হিসেবে সাঁকো মেরামতের কাজ শিগগিরই শুরু হবে। সাঁকো মেরামত করা হলে দুর্ভোগ কিছুটা কমবে।