সেতুর গোড়ায় গর্ত, বিচ্ছিন্ন সড়ক
গোড়ার মাটি ধসে সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেতু। মাঝে প্রায় পাঁচ ফুট ফাঁক। এই অবস্থায় পথচারীদের সেতুতে উঠতে হয় লাফ দিয়ে। চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামের মধুখালী খালের ওপর এই সেতুর অবস্থান।
এতে বেশি দুর্ভোগে পড়ে আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে যাতায়াতের সময় ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয় তাদের।
সম্প্রতি সেতু এলাকায় গিয়ে দেখা যায়, দল বেঁধে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ফিরছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই সেতু থেকে এক কিলোমিটার দূরত্বে অবস্থিত পশ্চিম গুজরা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থীরা বলে, লাফ দিয়ে সেতুতে উঠতে ভয় লাগে। সেতু পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটে।
পশ্চিম গুজরা উচ্চবিদ্যালয় ছাড়াও রাম কৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুহাম্মদীয়া আদর্শ মাদ্রাসা ও পশ্চিম নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেতু দিয়ে যাতায়াত করে বলে জানা গেছে। এ ছাড়া দুই ইউনিয়নের পাঁচ গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে যাতায়াত করে। উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সরকারপাড়া, আলী সওদাগরপাড়া, পশ্চিম নোয়াপাড়া ও সেনপাড়াসহ পাঁচ গ্রামের পাঁচ হাজার বাসিন্দা সেতুটি দিয়ে যাতায়াত করে।
পশ্চিম গুজরা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ উদ্দিন বলেন, প্রতিদিন ভাঙা সেতু ও কাঁচা সড়ক পার হয়ে কয়েক গ্রামের কয়েক শ ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়া করে। শীত মৌসুমে তারা কোনো রকমে যাতায়াত করলেও বর্ষায় ঝুঁকি অনেক বেড়ে যায়।
পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ বলেন, দীর্ঘদিন সেতুতে কোনো সংস্কার হয়নি। গত জুলাই মাসের শেষের দিকে বন্যার পানির তোড়ে সেতুর নিচের মাটি সরে যায়। এলজিইডির কার্যালয়ে বারবার আবেদন করা হলেও এখনো কেউ সেতু পরিদর্শনে আসেনি।
এলজিইডি রাউজান অধিদপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালনকারী হাটহাজারী উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জমান প্রথম আলোকে বলেন, ভাঙা সেতু ও সড়ক সম্পর্কে জানতে তিনি প্রতিনিধি পাঠাবেন এবং এই সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেবেন।