সেতুর জন্য ১০ গ্রামের মানুষের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী বাজারে এভাবেই খেয়ানৌকায় পারাপার হয় এলাকাবাসী। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী বাজারে এভাবেই খেয়ানৌকায় পারাপার হয় এলাকাবাসী। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

যেতে পাঁচ টাকা, আসতে পাঁচ টাকা। তারপরও দুর্ভোগ। এ দুর্ভোগ সয়েই খেয়া নৌকায় পারাপার হতে হয় ১০ গ্রামের মানুষকে। বড়রা কোনোমতে এ পারাপার চালাতে পারলেও ঘাটের ওপারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্রছাত্রীদের জন্য এভাবে চলাচল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। পাকা সেতুর জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও তা বরাবরই উপেক্ষিত হয়ে আসছে।

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবগাড়ীহাটের আত্রাই নদে ওই খেয়াঘাটটির অবস্থান। সাদেক মাঝি নামের এক ব্যক্তি খেয়াঘাটটি ইজারা নিয়েছেন। খেয়া নৌকায় বসানো হয়েছে শ্যালোইঞ্জিন।

সাদেক মাঝির সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকায় পার হতে বাৎসরিকভাবে স্থানীয় বাসিন্দাদের পরিবারের সদস্য অনুপাতে মৌসুমভিত্তিক আধা মণ থেকে এক মণ করে ধান নেওয়া হয়। যাঁরা দিতে পারেন না, তাঁদের কাছে ধানের দাম অনুপাতে টাকা নেওয়া হয়। তবে বহিরাগতদের জনপ্রতি ৫ টাকা এবং বাইসাইকেল বা মোটরসাইকেল সঙ্গে থাকলে ১০ টাকা করে নেওয়া হয়। আদায় করা এই টাকা থেকে নৌকার খরচ, ইজারার টাকা পরিশোধ, শ্রমিকের বেতন, নিজের লাভ এবং শুকনো মৌসুমে নদীতে সাঁকো তৈরির পেছনে ব্যয় করা হয়।

ওই মাঝির তথ্যমতে, নদের উত্তর পাশে বিল হরিবাড়ি, হরদমা, বাঘাপাড়া, ফকিরপাড়া, সাবগাড়ী আর পশ্চিম পাশে সাবগাড়ীহাট, দুর্গাপুর, জ্ঞানদানগরসহ আশপাশের গ্রামের প্রায় দুই হাজারের মতো মানুষ নৌকায় পারাপার হয়। তবে শুকনো মৌসুমে চলনবিলের উৎপাদিত ফসল পারাপার করতে কৃষককে ভোগান্তি পোহাতে হয় সবচেয়ে বেশি।

স্থানীয় দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর আলী বলেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ। নদের উত্তর পাশে বিল অধ্যুষিত পাঁচ গ্রাম। এ গ্রামগুলোর জন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তবে কোনো হাট-বাজার নেই। মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও সাবগাড়ী হাট রয়েছে খেয়াঘাটের উল্টো পারে। তা ছাড়া, গ্রামের মানুষকে জমির ফসল বিক্রিসহ যাবতীয় কাজ করতে হয় নদ পার হয়ে এসে। তাই এলাকাবাসী এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও এ পর্যন্ত তা উপেক্ষিত হয়ে আসছে।

সাবগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, নৌকায় পার হতে গিয়ে ভয়ে তাদের বুক ধড়ফড় করে। তা ছাড়া অনেক মানুষ গাদাগাদি করে নৌকায় ওঠানো হয়। তারপর নৌকা ছাড়া হয়। ফলে বেশির ভাগ সময় স্কুলে যেতে দেরি হয়ে যায়।

হাটসাবগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াছকুরুনী বলেন, নদে সেতু না থাকায় বর্ষাকালে খেয়া নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সেতু দিয়ে ঝুঁকি নিয়েই শত শত ছাত্রছাত্রী পারাপার হয়ে আসছে। কিছুদিন আগে নৌকা থেকে পড়ে এক ছাত্র আহত হয়। এ দুর্ভোগ নিয়েই চলছে খেয়াঘাট–সংলগ্ন গ্রামবাসীর জীবনযাত্রা।

বিয়াঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, সেতু না থাকায় নৌকায় করেই নদ পার হতে হয় খেয়াঘাট–সংলগ্ন ১০ গ্রামের মানুষকে। ভোগান্তি লাঘবে এই ঘাটে একটি সেতুর দাবি রয়েছে এলাকাবাসীর। তবে তিনি নিজে অল্প কিছুদিন হলো দায়িত্ব নিয়েছেন বলে জানিয়ে বলেন, এলাকাবাসীর দাবি পূরণে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।