সেতুর সাইনবোর্ডে বসল এম এ খানের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী এলাকায় সুরমা নদীর ওপরে সেতুতে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে
ছবি: প্রথম আলো

সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী এলাকায় সুরমা নদীর ওপরে সেতুতে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। এ সাইনবোর্ডে এখন সেতুর পুরো নাম, অর্থাৎ ‘এম এ খান সেতু’ লেখা হয়েছে। সম্প্রতি সেতুর সাইনবোর্ড থেকে এম এ খান অংশটি উধাও হয়ে যায়।

গতকাল শুক্রবার সকালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সিলেটের সেতু বিভাগ থেকে নতুন সাইনবোর্ডটি স্থাপন করা হয়। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সেতু এলাকায় কিছু সংস্কারকাজ করা হয়। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, পশ্চিম দিকের সাইনবোর্ডটি নষ্ট হয়ে পড়ে গিয়েছিল। এ জন্য নতুন সাইনবোর্ড বসানো হয়েছে।

সওজ সূত্র ও স্থানীয় লোকজন বলেন, সম্প্রতি সিলেট থেকে সেতুটিতে ওঠার মুখে সাইনবোর্ডের এম এ খান শব্দটি কে বা কারা ফেলে দেয়। শুধু সেতু লেখা সাইনবোর্ডের একটি অংশ ঝুলছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা হলে ২১ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘সেতু আছে, নামটা উধাও’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।

এম এ খানের মেয়ে জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। প্রথম আলোর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর জেলা বিএনপি বিবৃতি দিয়ে সেতুর নামকরণ বহালের দাবি জানিয়েছিল।