সেনবাগে নৌকার ভরাডুবি, প্রার্থী বাছাই ঠিক হয়নি, দাবি দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলার মানচিত্র

তৃতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হয়েছে। পাঁচটি ইউপির চারটিতেই দলের বিদ্রোহী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার একটি ইউপিতে নৌকার প্রার্থী জিতেছেন, তা-ও ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

একই চিত্র সেনবাগ পৌরসভা নির্বাচনের ক্ষেত্রেও। সেখানেও মেয়র পদে দলের বিদ্রোহী প্রার্থী আবু নাছেরের কাছে প্রায় ৭৫৭ ভোটের ব্যবধানে হেরেছেন নৌকার প্রার্থী ও পরপর দুবারের মেয়র আবু জাফর টিপু। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নৌকা প্রতীকের প্রার্থীদের এমন ভরাডুবির জন্য নেতারা ‘যোগ্য প্রার্থী’ বাছাই না করাকে দুষছেন।

রোববার ওই পাঁচ ইউপি ও পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ১১ নভেম্বর অনুষ্ঠিত বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউপি নির্বাচনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার প্রার্থীরা পরাজিত হন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার অনুষ্ঠিত সেনবাগ উপজেলার পাঁচটি ইউপির মধ্যে ছাতারপাইয়ায় জিতেছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান। তিনি টানা চতুর্থবারের মতো ওই ইউপির চেয়ারম্যান নির্বাচিত হলেন। নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম। আর নৌকার প্রার্থী সোহরাব সুমন হয়েছেন তৃতীয়।

সেনবাগ পৌর নির্বাচনে মেয়র পদে দলের বিদ্রোহী প্রার্থী আবু নাছেরের কাছে প্রায় ৭৫৭ ভোটের ব্যবধানে হেরেছেন নৌকার প্রার্থী ও পরপর দুবারের মেয়র আবু জাফর টিপু। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কাদরা ইউপিতে নৌকার প্রার্থীর চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়া। এই ইউপিতে নৌকার প্রার্থী কামরুজ্জামান পলাশ প্রাপ্ত ভোটে তৃতীয় স্থান লাভ করেছেন। কাবিলপুর ইউপিতে জয় লাভ করেছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক বিএনপির প্রার্থী মো. জহিরুল ইসলাম। এ ইউপিতেও নৌকার প্রার্থী আজাদ হোসেন হয়েছেন তৃতীয়।

বীজবাগ ইউপিতে জয় লাভ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম উদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মো. আনোয়ার হোসেন দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি। ডমুরুয়া ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শওকত হোসেন।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবির বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতার সঙ্গে সোমবার কথা বলেছে প্রথম আলো। তাঁদের বেশির ভাগই অভিযোগ করেন, প্রায় ৮-৯ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটি নেই। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও দলের সাংগঠনিক অবস্থা নড়বড়ে। এসব কারণে দলে প্রকৃত অর্থে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে যাচ্ছেন অযোগ্য ব্যক্তিরা, যার প্রভাব পড়েছে নির্বাচনে।

নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী বলেন, ‘আমাদের প্রার্থী নির্বাচনে ভুল ছিল। যে কারণে তিনটি ইউপিতেই একাধিক বিদ্রোহী প্রার্থী ছিল। আর পৌরসভায় বিদ্রোহী প্রার্থীর পেছনে রাঘববোয়ালেরা টাকা ঢেলেছেন। এ কারণে পৌরসভায় দলের প্রার্থী পরাজিত হয়েছেন।’

জাফর আহম্মদ চৌধুরী বলেন, ‘আমরা স্থানীয়ভাবে যেসব প্রার্থীর নাম প্রস্তাব করে জেলায় পাঠিয়েছিলাম, সে তালিকা কেন্দ্রে পাঠানোর পর স্থানীয় সাংসদ পৃথক আরেকটি তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন। এতে যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা মনোনয়ন থেকে বাদ পড়েছেন।’

নোয়াখালী-২ আসনের সাংসদ মোরশেদ আলমও প্রার্থী নির্বাচন ঠিক হয়নি বলে স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, প্রার্থী বাছাই নিয়ে দলের স্থানীয় নেতাদের নিয়ে বৈঠকে বসার পর তাঁরা একেকজন একেকজনের পক্ষে অনড় থাকায় সঠিক প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি, যার প্রভাব পড়েছে নির্বাচনে।