সেনবাগে ইউপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দাবি স্বতন্ত্র প্রার্থীর
নৌকার প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন—এমন অভিযোগ তুলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দাবি করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থী। আবুল খায়ের নামের ওই প্রার্থী নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউপিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাল বুধবার এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু করার দাবিতে আবুল খায়ের গতকাল সোমবার বিকেলে স্থানীয় সেবারহাট বাজারে নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আবুল খায়ের অভিযোগ করেন, তিনি রজনীগন্ধা প্রতীকে নির্বাচন করছেন। মনোনয়নপত্র দাখিল করার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ আলমের সমর্থকেরা তাঁর (আবুল খায়ের) প্রস্তাবকারী ও সমর্থনকারীর বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দেন।
আবুল খায়েরের অভিযোগ, প্রথম দফায় হুমকি-ধমকিতে কাজ না হওয়ায় প্রচারণা শুরুর পর থেকেই হামলা, প্রচারণায় বাধা দিয়ে আসছেন নৌকার প্রার্থীর লোকজন। এসব বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে বেশ কয়েকটি লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি। এ অবস্থায় নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে আবুল খায়ের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী দায়িত্ব সেনবাগ থানার পুলিশকে না দেওয়ার দাবি করেন। একই সঙ্গে তিনি সেবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলতু মিয়ার নুরানী মাদ্রাসা ও দক্ষিণ রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা ও কর্মীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, স্বতন্ত্র প্রার্থীর কোনো অভিযোগই সঠিক নয়। তিনি নির্বাচনে তাঁর পরাজয় নিশ্চিত বুঝতে পেরে এখন মিথ্যার আশ্রয় নিয়ে অপপ্রচার শুরু করেছেন। প্রচারণা শুরুর পর থেকে আবুল খায়ের তাঁর কোনো সমর্থককে বাধা কিংবা হামলার কোনো প্রমাণ দিতে পারবেন না।
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আবুল খায়েরের কাছ থেকে তিনি যে কয়টি অভিযোগ পেয়েছেন, সব কটিই ওসির কাছে পাঠিয়ে দিয়েছেন। এ ছাড়া তিনি সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। কোথাও কোনো সমস্যার কথা তিনি শোনেননি।
একই বিষয়ে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, মোহাম্মদপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে থানা-পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মোহাম্মদপুর ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীসহ নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।