সেনাবাহিনী যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত: সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন। এ সময় সাগরদীঘি অঞ্চলের পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেনাপ্রধান বলেন, ‘যেকোনো দুর্যোগে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
সেনাপ্রধান ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন।
সেনাপ্রধান আরও বলেন, ‘সারা দেশে আমরা এক লাখ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি, চিকিৎসাসেবা দিয়েছি। এর পাশাপাশি গবাদিপশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছি।’
সেনাপ্রধান এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন। সেই সঙ্গে স্থানীয় জনসাধারণকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।