সেনাসদস্য হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড
ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম বাংকিরা গ্রামের সাইফুল ইসলাম ওরফে সাইফ হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে ওই রায় ঘোষণা করেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বাংকিরা গ্রামের মো. আকিমুল ইসলাম, বোড়াই গ্রামের মো. মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলতিয়া গ্রামের মো. ডালিম মোল্লা, আসাননগর গ্রামের মো. আব্বাস আলী, কৌদ মাহমুদ গ্রামের মো. কাশেম মণ্ডল, আসাননগর গ্রামের মো. ফারুক হোসেন, ঝিনাইদহ উপজেলার বাংকিরা গ্রামের মো. মতিয়ার রহমান ও এনায়েতপুর গ্রামের মোক্তার মোড়ল। তাঁদের মধ্যে ডালিম মোল্লা, মতিয়ার রহমান ও মোক্তার মোড়ল পলাতক। বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ওই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. আহাদুজ্জামান। তিনি বলেন, ঝিনাইদহের সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম হত্যা মামলাটি খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। বিচারক খুব স্বল্প সময়ের মধ্যে হত্যা মামলাটির বিচার সম্পন্ন করেছেন। রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এই রায় সন্ত্রাসপ্রবণ ঝিনাইদহ জেলার জন্য একটি নজির হয়ে থাকবে।
তবে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ তৌফিক উল্লাহ বলেন, ‘এই মামলার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন না। শোনা সাক্ষীর ওপর ভর করে মামলার রায় দেওয়া হয়েছে। আমরা ন্যায়বিচার বঞ্চিত হয়েছি। আমরা উচ্চ আদালতে যাব।’
নিহত সাইফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে চাকরি করতেন। তাঁর কর্মস্থল ছিল টাঙ্গাইলের ঘাটাইল আর্মি মেডিকেল ট্রেনিং সেন্টারে। ২০১৮ সালের ১৮ আগস্ট রাতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। ছুটি নিয়ে আগের দিন বাড়ি এসেছিলেন তিনি। নৌবাহিনীতে কর্মরত তাঁর ছোট ভাই মো. মনিরুল ইসলামও ছুটিতে বাড়ি এসেছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ঘটনার রাতে মোটরসাইকেলে করে ছোট ভাই ও বড় ভাইয়ের শ্বশুরকে তাঁদের বাড়ি নিয়ে আসছিলেন সাইফুল। পথে সড়কের ওপর গাছ পড়ে থাকতে দেখে তাঁরা ডাকাতির ব্যাপারটি বুঝতে পারেন। ডাকাতেরা তাঁদের ঘিরে ধরলে ডাকাতদের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ডাকাতেরা সাইফুলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আহত হন তাঁর ছোট ভাই মো. মনিরুল ইসলাম ও বড় ভাইয়ের শ্বশুর সামসুল মোল্লা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় পরদিন সাইফুলের বাবা মো. হাফিজ উদ্দীন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন।
সাইফুল ইসলামের স্ত্রী শাম্মী আক্তার একজন জাতীয় ক্রীড়াবিদ। পরপর সাতবার তিনি জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১০ সালে সাফ চ্যাম্পিয়নশিপে তায়কান্দোতে তিনি স্বর্ণপদক পান। তাঁদের দুই ছেলে। বড় ছেলের আট আর ছোট ছেলের বয়স চার বছর।
স্বামী হত্যার রায়ের প্রতিক্রিয়ায় শাম্মী আক্তার প্রথম আলোকে বলেন, আসামিরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। প্রধান আসামি নিজ মুখে স্বীকার করেছেন, তিনি কুপিয়ে খুন করেছেন আর অন্যরা ওই খুনে সহযোগিতা করেছেন। সব আসামির মৃত্যুদণ্ড হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।