সেন্ট মার্টিন ভ্রমণে কর দিতে হলে পর্যটকেরা দেশের বাইরে চলে যাবেন

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পর্যটকের উপস্থিতি সীমিত করাসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী মৌসুম থেকে নিবন্ধন করে পর্যটকদের সেন্ট মার্টিন যেতে হবে। ভ্রমণের জন্য দ্বীপে গেলে জনপ্রতি এক হাজার আর সেখানে রাত যাপন করতে গেলে দুই হাজার টাকা করে কর দিতে হবে পর্যটককে। এমন পরিপ্রেক্ষিতে আজ শনিবার ২ এপ্রিল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে টানা সাত মাসের জন্য পর্যটকবাহী জাহাজের চলাচল বন্ধ হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে প্রথম আলো কথা বলেছে জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব)’–এর সভাপতি তোফায়েল আহমদের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব)’–এর সভাপতি তোফায়েল আহমদ

প্রশ্ন :

প্রথম আলো: সেন্ট মার্টিনে আজ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হচ্ছে। এই মৌসুমে ব্যবসা কেমন হলো?

তোফায়েল আহমদ: টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নিয়মিত ১০টি জাহাজ চলছে। চলতি মৌসুমের পাঁচ মাসে (নভেম্বর থেকে মার্চ পর্যন্ত) ব্যবসা মোটামুটি হয়েছে। ১০টি জাহাজে টিকিট বিক্রি হয়েছে ৩ লাখের মতো। এ ক্ষেত্রে বলা যায়, জাহাজে ৩ লাখ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন, তবে ৫০টির বেশি কাঠের ট্রলার ও দ্রুতগতির স্পিডবোটেও সেন্ট মার্টিন ভ্রমণ করেন অনেকে।

প্রশ্ন :

প্রথম আলো: জাহাজগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক পরিবহনের অভিযোগ আছে। উপচে পড়া ভিড়ের কারণে সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এর জন্য জাহাজমালিকদের দায়ী করা হয়। আপনার বক্তব্য কী?

তোফায়েল আহমদ: মৌসুমের পাঁচ মাস দ্বীপে পর্যটকের চাপ থাকে। এ সময় দ্বীপের যে ক্ষতি হয়, ইচ্ছা করলে বন্ধের পরবর্তী সাত মাসে তা পুষিয়ে আনা সম্ভব। আমরা বলে আসছি, বন্ধের সাত মাস দ্বীপের সুরক্ষায় কর্মকাণ্ড পরিচালনা করা হোক। এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দ্বীপের সুরক্ষায় ১৩ দফা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজ ও হোটেলমালিকেরা এই নির্দেশনার পক্ষে মাঠে নেমেছেন। টানা কয়েক দিনের ছুটি মিললে সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যায়। তখন অনেকে টিকিট ছাড়াই জাহাজে ওঠে পড়েন। জোর করে নামিয়েও দেওয়া যায় না। ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক পরিবহন করতে গিয়ে বহু জাহাজকে জরিমানা গুনতে হয়েছে।

প্রশ্ন :

প্রথম আলো: আগামী মৌসুম থেকে সেন্ট মার্টিন ভ্রমণে গেলে জনপ্রতি পর্যটককে এক হাজার টাকা আর রাতে থাকতে হলে দুই হাজার টাকা কর পরিশোধ করতে হবে। তা ছাড়া পর্যটকের সংখ্যা দৈনিক এক হাজারের নিচে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি কীভাবে দেখছেন?

তোফায়েল আহমদ: দুই বছর ধরে সেন্ট মার্টিনে পর্যটকের রাতযাপন বন্ধের চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। দ্বীপের মানুষ প্রতিবাদ সমাবেশ করেছে। এখন বলা হচ্ছে, দৈনিক ৭০০-৮০০ জন পর্যটক সেন্ট মার্টিন যেতে পারবেন, তা-ও অনলাইনে নিবন্ধন করে। যাঁরা দ্বীপে ভ্রমণে যাবেন, তাঁদের জনপ্রতি এক হাজার টাকা এবং রাতে থাকলে দুই হাজার টাকা সরকারি রাজস্ব পরিশোধ করতে হবে। আমরা এ সিদ্ধান্তের বিরোধিতা করছি। কক্সবাজার, ইনানী ও টেকনাফ সমুদ্রসৈকত ভ্রমণ করতে যদি পর্যটকদের কোনো কর দিতে না হয়, সেন্ট মার্টিনের ক্ষেত্রে কেন কর দিতে হবে? সেন্ট মার্টিনে পর্যটকের যাতায়াতে বাধার সৃষ্টি করা হলে পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। পর্যটকেরা দেশের বাইরে চলে যাবেন। তখন দেশের অর্থ বিদেশে চলে যাবে।