সেন্ট মার্টিনে আটকা পড়া পর্যটকেরা ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিন থেকে ফেরার জন্য জেটিতে পর্যটকেরা ভিড় করেছেন
ছবি: প্রথম আলো

কক্সবাজারের সেন্ট মার্টিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকা পড়া পর্যটকেরা আজ মঙ্গলবার সকালে ফিরেছেন। টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে দুই দিন ধরে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ ছিল। এ কারণে সেন্ট মার্টিনে আটকা পড়েন ৩৩০ পর্যটক।

আজ সকাল আটটা থেকে ১২টি ট্রলারে করে সেন্ট মার্টিন থেকে এসব পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

গত শনিবার ট্রলারে করে পর্যটকেরা সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়েন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবি ও সোমবার এই নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ ছিল।

উল্লেখ্য, টেকনাফ-সেন্ট মার্টিন, চট্টগ্রাম-কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে প্রতিবছরের অক্টোবরের শেষের দিকে পর্যটন মৌসুম শুরু হয়। স্থানীয় জেলা প্রশাসন পর্যটক পরিবহনের জন্য জাহাজগুলোকে অনুমতি দেয়। প্রতিবছর এই দুই নৌপথে পর্যটক পরিবহনের জন্য ১০টির মতো জাহাজ চলাচল করে। পর্যটন মৌসুম শুরু না হওয়ায় এই দুটি নৌপথে জেলা ও উপজেলা প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের পর্যটকবাহী জাহাজকে চলাচলের অনুমতি দেয়নি।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, এখনো পর্যটন মৌসুম শুরু হয়নি। তাই এই নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়নি। এর মধ্যে ট্রলারে করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কিছুসংখ্যক পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যান। বর্তমানে সেন্ট মার্টিনে যাতায়াতের জন্য কোনো পর্যটককে অনুমতি দেওয়া হচ্ছে না। যাঁরা জেলা ও উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সেন্ট মার্টিন বেড়াতে গিয়েছিলেন, তাঁরা নিজস্ব উদ্যোগে ট্রলারে ফিরে আসছেন।

কুমিল্লা থেকে সেন্ট মার্টিনে যাওয়া পর্যটক সাইফুল ইসলাম বলেন, সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিন থেকে ফেরা হয়নি। আবহাওয়া ভালো হওয়ায় তাঁরা ট্রলারে করে টেকনাফে ফিরেছেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, আটকে পড়া পর্যটকেরা নিরাপদে ছিলেন। আজ সকাল থেকে আবহাওয়া ভালো হওয়ায় দ্বীপে আটকা পড়া ৩৩০ পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা ১২টি ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হন।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে স্বাভাবিকভাবে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ থাকে। সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তাসহ যাবতীয় খোঁজখবর রাখা হয়েছিল। আজ সকাল থেকে আবহাওয়া ভালো থাকায় পর্যটকেরা টেকনাফে ফিরতে শুরু করেন।