সেন্ট মার্টিনে সৈকতের পাথরের ভেতর থেকে অজগর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিন দ্বীপ।
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে সৈকতের পাথরের ভেতর থেকে একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বীপের দক্ষিণ পাড়া সমুদ্রসৈকত থেকে উদ্ধার হওয়া সাপটি লম্বায় ১২ থেকে ১৫ ফুট, ওজন আনুমানিক ১২ কেজি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী অজগর উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুল্লাহ খান বলেন, আজ সোমবার সকালের দিকে স্থানীয় কয়েকজন শিশু সৈকতের পাথরের ভেতরে সাপটি দেখতে পায়। হঠাৎ করে দ্বীপে এত বড় সাপ দেখে আতঙ্কে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। এ সময় তাঁরা কৌশলে মাছ ধরার জাল দিয়ে সাপটি আটক করেন। তিনি আরও বলেন, কয়েক বছর আগে দ্বীপ থেকে আরও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, অজগর উদ্ধারের বিষয়টি নিয়ে উপজেলা উপকূলীয় বন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। সাপটি সেন্ট মার্টিন থেকে এনে টেকনাফের বনাঞ্চলে ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা চলছে।

উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা অসীম বাড়ৈ প্রথম আলোকে বলেন, সাপটি টেকনাফে এনে বনাঞ্চলের ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় সাপটি বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। নৌ চলাচল স্বাভাবিক হলেই টেকনাফে আনা হবে। তিনি বলেন, হঠাৎ করে দ্বীপে এত বড় অজগর সাপ দেখা দেওয়া আসলেই চিন্তার বিষয়। এখানে এটি কীভাবে এল, কোথা থেকে এসেছে, সে ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করেননি।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা ধারণা করছেন, এখানে এত বড় সাপ থাকার কথা নয়। সাপটি মিয়ানমার থেকে ভেসে আসতে পারে।