সেন্টমার্টিন সৈকতে বিরল দৃশ্য
১২ ফেব্রুয়ারি, বেলা আড়াইটা। সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সৈকত। সেদিনও সেখানে ছিল বহু পর্যটকের সমাগম। এদিক-সেদিক দৌড়ঝাঁপ করছিল বেওয়ারিশ কুকুর। এমন পরিস্থিতিতে একটি মা কচ্ছপ পাথরের স্তূপের ওপর দিয়ে উঠে আসে বালুচরে। কুকুরের আক্রমণ ও মানুষের ভয় উপেক্ষা করে কচ্ছপটি এসে থামে বালুচরে বসানো একটি কিটকটের (চেয়ার ও ছাতা দিয়ে তৈরি বসার স্থান) পাশে। তারপর বালুচরে দুই ফুট গভীর গর্ত খোঁড়ে কচ্ছপটি। সেই গর্তে দেড় ঘণ্টায় একে একে ১১০টি ডিম পাড়ে। এরপর আবার পা দিয়ে বালু টেনে গর্তটি ভরাট করে বিকেল চারটায় কচ্ছপটি ফিরে যায় সাগরে।
সৈকতের নির্জন ও কোলাহলমুক্ত পরিবেশে রাতের বেলায় ডিম পাড়তে মা কচ্ছপ স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু দিনের বেলায় কচ্ছপের ডিম পাড়ার ঘটনা ঘটে না বললেই চলে। গত এক যুগে দ্বীপের কোথাও দিনের বেলায় কচ্ছপকে ডিম পাড়তে দেখেননি কেউ।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সৈকতের নির্জন ও কোলাহলমুক্ত পরিবেশে রাতের বেলায় ডিম পাড়তে মা কচ্ছপ স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু দিনের বেলায় কচ্ছপের ডিম পাড়ার ঘটনা ঘটে না বললেই চলে। গত এক যুগে দ্বীপের কোথাও দিনের বেলায় কচ্ছপকে ডিম পাড়তে দেখেননি কেউ। দিনের বেলায় ডিম পাড়া কচ্ছপটি ছিল অলিভ রিডলে (জলপাই রং) প্রজাতির।
শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ আড়াই ঘণ্টা কচ্ছপের আশপাশে দাঁড়িয়ে ডিম পাড়ার দুর্লভ দৃশ্য উপভোগ করেন কিছু মানুষ। তাঁদের কেউ মুঠোফোনে ছবি তোলেন, কেউ কেউ ধারণ করেন ভিডিওচিত্র। ভিডিওচিত্র ধারণ করা চট্টগ্রামের ফটিকছড়ির ব্যবসায়ী নুরুল আলম (৪৫) বলেন, ‘এ জীবনে কচ্ছপের ডিম পাড়ার দৃশ্য দেখিনি, সেদিন সরাসরি দেখে অনেক মজা পেয়েছি। যদিও মা কচ্ছপটির যন্ত্রণা আমরা বুঝতে পারিনি। তবে কচ্ছপটিকে ডিম পাড়ার পরিবেশ তৈরি করে দিয়েছি আমরা। না হলে কুকুর খেয়ে ফেলত। আশপাশে অনেক কুকুর ছিল।’
স্থানীয় স্বেচ্ছাসেবীরা বলেন, একসময় সেন্ট মার্টিন দ্বীপ ছিল সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার নিরাপদ স্থান। এখন সেই সুযোগ নেই। সৈকতে ডিম পাড়তে আসার সময় জালে আটকা পড়ে মারা পড়ছে অসংখ্য মা কচ্ছপ। কিছু কচ্ছপ ফাঁদজাল অতিক্রম করে দ্বীপের বালুচর পর্যন্ত পৌঁছতে পারলেও রেহাই মিলছে না। বেওয়ারিশ কুকুরের আক্রমণে মারা পড়ে বহু মা কচ্ছপ। তা ছাড়া সৈকতে পর্যটকসহ নানা লোকজনের কোলাহল ও হইচই লেগেই থাকে। তাই কচ্ছপের ডিম পাড়ার পরিবেশ নষ্ট হয়ে গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পরিবেশ অধিদপ্তরের স্থানীয় স্বেচ্ছাসেবী আয়াছ উদ্দিন (২৩) বলেন, তিনি ৯ বছর ধরে সেন্ট মার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছেন। এ সময় ১ হাজার ২৫০টির বেশি কচ্ছপের প্রায় ১২ হাজার ডিম সংগ্রহ করেছেন। কিন্তু দিনের বেলায় লোকজনের কোলাহল আছে এমন সৈকতে মা কচ্ছপকে প্রকাশ্যে ডিম পাড়তে দেখা যায়নি। মা কচ্ছপটি বোধ হয় তীব্র যন্ত্রণায় ভুগছিল। তাই ঝুঁকি আছে দেখেও কচ্ছপটি দিনের বেলায় ডিম পাড়তে উঠে আসে। ডিম পাড়তে না পারলে হয়তো যন্ত্রণায় ছটফট করে মা কচ্ছপটির মৃত্যু ঘটত।
আয়াছ আরও বলেন, কচ্ছপটি একসঙ্গে ১১০টি ডিম পাড়ে, যা তিনি গর্ত থেকে তুলে গলাচিপা এলাকার পরিবেশ অধিদপ্তরের হ্যাচারিতে সংরক্ষণ করেছেন। দুই মাস পর ডিমগুলো থেকে বাচ্চা বেরোবে। এই হ্যাচারিতে আরও পাঁচ শতাধিক ডিম সংরক্ষিত আছে।
পশ্চিম সৈকত এলাকার পরিবেশকর্মী জয়নাল আবেদীন (৩০) বলেন, পাঁচ বছর আগেও দ্বীপের উত্তর, পশ্চিম ও দক্ষিণ সৈকতে অসংখ্য মা কচ্ছপ ডিম পাড়তে আসত। এখন সেই পরিবেশ নেই, মা কচ্ছপও তেমন ডিম পাড়তে আসছে না। ছেঁড়াদিয়াতেও লোকজনের কোলাহল বেড়ে যাওয়ায় মা কচ্ছপ ডিম পাড়ার পরিবেশ হারাচ্ছে। প্রায় প্রতিদিন সেখানে একাধিক মরা কচ্ছপ ভেসে আসছে। আর দ্বীপে ১২ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর আছে। পুরো সৈকত কুকুরের দখলে থাকে। মা কচ্ছপ যখন নির্জন সৈকতে ডিম পাড়তে ওঠে, তখন অভুক্ত কুকুরের আক্রমণের শিকার হয়। জোয়ারের পানিতে ভেসে আসা মরা কচ্ছপগুলো খেয়ে ফেলে কুকুর।
পরিবেশ অধিদপ্তর সেন্ট মার্টিন কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, বেওয়ারিশ কুকুরের জন্য গভীর সমুদ্র থেকে ছুটে আসা মা কচ্ছপ ডিম পাড়তে পারছে না। কূলে উঠলেই চলে মা কচ্ছপের ওপর আক্রমণ। ডিমও খেয়ে ফেলছে কুকুর। মা কচ্ছপের সুরক্ষায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা কমিয়ে আনা দরকার।