সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ বন্ধ, রোগীর স্বজনেরা উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে। করোনা ওয়ার্ডের সেন্ট্রাল অক্সিজেন বন্ধ হওয়ার পর আজ বুধবার রোগীদের সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এ হাসপাতালে করোনায় আক্রান্ত ৩০ রোগী ভর্তি আছেন।

এদিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার পর থেকে রোগীর স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকে অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য দোকানে খোঁজখবর নিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকেলের মধ্যে অক্সিজেন চলে আসবে। আপাতত সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে রোগীদের।

করোনা রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর মধ্যে একটি মেঘ ফাউন্ডেশন। মেঘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহাদ বিন বেলায়েত জানান, সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন শেষ হওয়ার পর রোগীর আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে সিলিন্ডারের জন্য তাঁদের ফোন দিচ্ছেন। তাঁদের কাছে দুটি সিলিন্ডার ছিল। সে দুটিও দিয়েছেন সদর হাসপাতালে। তিনি আজ তিনবার করোনা ওয়ার্ডে গিয়ে দেখেন ভর্তি ৩০ জন রোগীর অধিকাংশের অবস্থাই জটিল। ভর্তি রোগীদের এখন প্রচুর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। দীর্ঘ সময় সেন্ট্রাল অক্সিজেন বন্ধ থাকলে সিলিন্ডার অক্সিজেনের সংকট পড়ে যাবে।

মান্দারি গ্রামের জাকির হোসেন বলেন, তাঁর বোন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দুই দিন ধরে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ বন্ধের পর থেকে হতাশায় আছেন।

জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের এক্সফেডা নামের একটি কোম্পানি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেন শেষ হলে কোম্পানির লোকজন অক্সিজেন এনে ট্যাংকে মজুত করেন। ট্যাংক থেকে করোনা ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ করা হয়। অক্সিজেন ফুরিয়ে আসার বিষয়ে ওই কোম্পানিকে জানিয়েছেন। তাঁরা চট্টগ্রাম থেকে অক্সিজেন নিয়ে রওনা দিয়েছেন।