সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, দুজন আটক
মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে দেড় মাস আগে নিখোঁজ হওয়া রফিকুল ইসলাম (৪২) নামের এক যুবকের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের রামপাল গ্রামে রফিকুলের এক আত্মীয়ের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রফিকুলের মায়ের খালাতো বোনসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রফিকুল নারায়ণগঞ্জের ফতুল্লার থানার লালপুর গ্রামের মৃত জাহের উদ্দিনের ছেলে। আটক দুজন হলেন রফিকুলের মায়ের খালাতো বোন (৫১) এবং তাঁর বাড়ির কাজের মেয়ে আম্বিয়া বেগম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, রফিকুলের সঙ্গে তাঁর মায়ের খালাতো বোনের সম্পর্ক ছিল। এতে প্রায় সময় রফিকুল নারায়ণগঞ্জ থেকে তাঁর মায়ের খালাতো বোনের বাড়িতে আসতেন। গত ২ নভেম্বর নারায়ণগঞ্জের বাড়ি থেকে বের হন রফিকুল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে নিখোঁজের পরিবার। এর জের ধরে বুধবার তাঁর মায়ের খালাতো বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে ওই নারীর মাধ্যমে জানা যায়, রফিকুলের লাশ তাঁর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে।
রফিকুলের ছোট ভাই মো. জনি বলেন, ‘শেয়ারবাজারে তাঁর ভাই রফিকুলের সঙ্গে ওই নারীর ব্যবসা ছিল। শেয়ারবাজারে ব্যবসার টাকার জন্য পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। আমরা ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই।’
হাতিমারা তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক রাজিব খান ওই নারীর বরাত দিয়ে প্রথম আলোকে জানান, ২ নভেম্বর রফিকুল তাঁদের বাসায় আসে। এরপর কিছু সময় পর ওই বাড়ির অন্য লোকজন চলে আসে। সে সময় রফিকুল নিজেকে লুকানোর জন্য ঘরের মধ্যে থাকা একটি কাঠের সিন্দুকে প্রবেশ করে। এতে সিন্দুকের ভেতর দমবন্ধ হয়ে মারা যান রফিকুল। পরে ওই নারী ও তাঁর বাড়ির কাজের মেয়ে আম্বিয়া সিন্দুক থেকে লাশটি সেপটিক ট্যাংকে ফেলে দেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবক্কর সিদ্দিক বুধবার রাত ১১টার দিকে প্রথম আলোকে জানান, এ ঘটনায় ওই নারী ও আম্বিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন। রফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।