সেবা ফাউন্ডেশন থেকে সাড়ে চার শতাধিক প্রাণী বনে ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হচ্ছে গন্ধগোকুল। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

বনে-বাদাড়ে, ঝোপে-জঙ্গলে যে বন্য প্রাণীর থাকার কথা; খাদ্যসংকট, ক্ষতিগ্রস্ত আবাসস্থলের কারণে প্রায়ই সেগুলো বেরিয়ে আসে লোকালয়ে। ধরা পড়ে মানুষের হাতে। কখনো কখনো মারা যায়। যেসব প্রাণী বেঁচে যায়, সেসব উদ্ধার করেন প্রাণী সংরক্ষক, বন বিভাগের কর্মচারী-কর্মকর্তা বা স্থানীয় লোকজন। এ রকম উদ্ধার হওয়া আহত, অসুস্থ বা বিপন্ন প্রাণীর চিকিৎসাসেবা ও শুশ্রূষার একটি বড় আশ্রয়কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। এখান থেকে ১০ বছরে এ রকম উদ্ধার ও ফাউন্ডেশনে জন্ম নেওয়া বিভিন্ন প্রজাতির সাড়ে চার শতাধিক বন্য প্রাণী বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় দেড় বছরে ৮০টি বন্য প্রাণী বনে অবমুক্ত করা হয়।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ সংরক্ষিত বন, বিস্তীর্ণ পাহাড়-টিলা রয়েছে। এসব স্থানে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী বসবাস করে। এর মধ্যে বিরল, বিলুপ্তপ্রায় প্রাণীও রয়েছে। কিন্তু দিনে দিনে বনের গাছপালা কমে আসা, বন্য প্রাণীদের আবাসস্থল তছনছ হওয়ায় অনেক প্রাণীই বাস্তুসংস্থান হারিয়েছে। টিকে থাকার পরিবেশ হয়েছে নষ্ট। দেখা দিয়েছে খাদ্যের সংকট। ফলে খাদ্য ও আশ্রয়ের সন্ধানে প্রায়ই বন থেকে বা ঝোপ-জঙ্গল থেকে বিভিন্ন ধরনের প্রাণী গ্রামীণ লোকালয়ে আসছে।

বন্য প্রাণী নিয়ে সাধারণ মানুষের মধ্যে একধরনের ভীতি রয়েছে। কখনো ফাঁদ পেতে, কখনো দল বেঁধে এসব প্রাণী ধরা হচ্ছে। একটা সময়ে এই প্রাণীগুলো ধরার পর মেরে ফেলা হতো। তবে বেশ কয়েক বছর ধরে এ পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে। এখন বন্য প্রাণী ধরা পড়লে হুট করে কেউ মেরে ফেলছে না। সরকারি-বেসরকারি ও প্রাণীপ্রেমীদের প্রচারের কারণে প্রাণী সম্পর্কে মানুষের বিভ্রান্তি, ভয়ভীতি কিছুটা কেটেছে। অনেকের মধ্যেই বন্য প্রাণী সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে। কোথাও এখন বন্য প্রাণী ধরা পড়লে, তা কেউ না কেউ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানিয়ে দিচ্ছে। বন বিভাগ, বন্য প্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি সংরক্ষণ বিভাগসহ স্থানীয় প্রশাসনকেও জানানো হচ্ছে। এ ক্ষেত্রে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন খবর জানার সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে প্রাণীটি উদ্ধার করে নিয়ে আসছে। পরে সেই প্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যান বা সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হচ্ছে। পাখি হলে হাইল হাওরে ছেড়ে দেওয়া হচ্ছে।

সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় অজগর
ছবি: প্রথম আলো

জাতীয় দিবসসহ বিভিন্ন দিনে বন বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব প্রাণী বনে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ২০১২ সাল থেকে ২০২১ সালের মে পর্যন্ত ৪৫৬টি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় দেড় বছরে ছাড়া হয়েছে ৮০টি প্রাণী। ২০১১ সালে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এখন পর্যন্ত এই ফাউন্ডেশন থেকে ৮০টি অজগর, ২৮টি লজ্জাবতী বানর, ৩৭টি গন্ধগোকুল, ৩১টি মেছো বিড়াল, ২১টি বানর, ১৫টি তক্ষক, ৫টি সোনালি বিড়াল, ৩২টি বন বিড়াল, ১টি হিমালয়ান পাম সিভেট, ২টি কালনাগিন সাপ, ১টি হনুমান, ১টি বনরুই, ৩টি গুইসাপ, ৩টি বন্য শূকর, ৫টি উড়ন্ত কাঠবিড়ালি, ১টি লেজহীন চিকা, ১টি বোম্বে টিনকেট, ১টি ধনেশ পাখি, ৩টি কাছিম, ১৩টি প্যাঁচা, ১০টি সবুজ বোড়া সাপ, ৭টি শঙ্খিনী সাপ, ৬টি ফণীমনসা সাপ, ১৩৪টি বিভিন্ন প্রজাতির পাখি, ১টি শিয়াল, ১টি পদ্মগোখরা সাপ, ১টি হিমালয়ান ঢোড়া সাপ, ১টি দুধরাজ সাপ, ১টি দাঁড়াশ সাপ, ৩টি পিট ভাইপার সাপ, ১টি বাজপাখি, ২টি খইয়া গোখরা সাপ, ১টি সবুজ ফণীমনসা সাপ, ১টি কোবরা (কালা খরিস) সাপ, ১টি বিরল লালডোর সাপ এবং ১টি আইড ক্যাট বনে অবমুক্ত করা হয়েছে।

ফাউন্ডেশনটির পরিচালক সজল দেব বলেন, আহত বন্য প্রাণীকে সেবা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করা হয়। এখানে জন্ম নেওয়া প্রাণীগুলো এককভাবে জীবনযাপনে সক্ষম হলেই বনে ছেড়ে দেওয়া হয়। তবে বনে ছাড়ার পরও খাদ্য ও বাসস্থানের সংকটে অনেক প্রাণী আবার বনের বাইরে এসে ধরা পড়ে। তিনি আরও বলেন, একটা ভালো দিক, এখন বন্য প্রাণী সম্পর্কে সচেতনতা অনেক বেড়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা বেশি। তারা ফাউন্ডেশনে ঘুরতে এসে প্রাণীদের সম্পর্কে জানে। কোথাও কোনো বন্য প্রাণী আটক হলে, আহত হলে কিংবা খোলা বাজারে বিক্রি হলে শিক্ষার্থীরা তাঁদের জানায়। এতে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।