যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুটি ক্যাটাগরিতে এবার স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০ পেয়েছে। কমিউনিটি সার্ভিস দেওয়া ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি দেশের মধ্যে প্রথম হয়েছে। আর হাসপাতালে স্বাস্থ্য সেবাদান ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি তৃতীয় হয়েছে। দুটি ক্যাটাগরিতে ১০টি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কাজের মূল্যায়নে পুরস্কার দেওয়া হয়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাফল্যের বিষয় নিয়ে প্রথম আলো কথা বলেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. আলমগীরের সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ক্ষেত্রে আপনাদের অবদান কেমন?
মো. আলমগীর: বছরের প্রতিটি দিনই সব কাজকে সমগুরুত্ব দিয়ে দেখা হয়। মূল্যায়নটা সঠিকভাবে করা হয়। মনিটরিংটা সঠিকভাবে করার একটি তাগাদা সব সময় কাজ করে। বিশেষ করে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে প্যাথলজি, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, অপারেশন থিয়েটার—সবই নখদর্পণে রাখতে হয়। ২৭০টি বিষয়ের ওপর মূল্যায়ন করে পুরস্কৃত করা হয়। এর প্রতিটি বিষয়কেই আমাদের হাসপাতালে গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে আসা-যাওয়ার বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হয়। এ ক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরা অনেকটা সহায়তা করেছে। সেবাদানের ক্ষেত্রে কোনো আপস করা হয় না কখনো। সব মিলিয়ে এই অর্জন।
প্রশ্ন :
প্রথম আলো: কাজের সমন্বয় কীভাবে হয়?
মো. আলমগীর: আমি মনে করি কঠোরতা দিয়ে কাজ করার চেয়ে ভালোবাসা দিয়ে কাজ করার উৎসাহ দেওয়াতে আমাদের এই সাফল্য এসেছে। দলবদ্ধ কাজে সবার সহযোগিতা পাওয়াটা না বললে কার্পণ্য হয়ে যায়। সবার সাহায্য ছাড়া এ ধরনের মূল্যায়ন কোনোভাবে সম্ভব না। সে ক্ষেত্রে প্রত্যেকেই পুরস্কারটি তার নিজের হবে ভেবে প্রতিদিন সমানতালে নির্ভুলভাবে কাজ করে গেছেন।
প্রশ্ন :
প্রথম আলো: সামনের ভাবনা কী?
মো. আলমগীর: সামনে আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে তৃতীয় স্থান থেকে আরও ভালো করা যায় কীভাবে। আমাদের যেসব দুর্বলতা আছে, সেগুলো কাটানোর দিকে নজর দেওয়া। যে সাফল্যটা পাওয়া গেছে, সেটা ধরে রাখা। সাফল্যের ধারাবাহিকতাটা কীভাবে বজায় থাকে, সেদিকে বেশি নজর দেওয়া।
প্রশ্ন :
প্রথম আলো: কাজ করার ক্ষেত্রে কোনো সংকট-ঝামেলা পোহাতে হয়েছে?
মো. আলমগীর: সারা দেশেই হাসপাতালগুলোতে লোকবল, চিকিৎসক ও যন্ত্রপাতির সংকট আছে। এই হাসপাতালেও সংকট আছে। এর মধ্যেই মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। অর্থসংকটের কারণে অনেক সময় অসুবিধায় পড়তে হয়। নানাভাবে অর্থ জোগাড় করে সেসব সমস্যা সমাধানের চেষ্টা করে থাকি। কোনো কাজ ফেলে রাখলেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়তে হয়।