সেমিনার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের চিংড়ি খাতে ব্যবহৃত প্রতিষেধক পণ্যসমূহ চিহ্নিতকরণ’ বিষয়ক সেমিনার গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের মিলনায়তনে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগ এই সেমিনারের আয়োজন করে। বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপাচার্য এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য আবুল হোসেন, মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জাহাঙ্গীর সরকার প্রমুখ। সেমিনারে বক্তারা বাংলাদেশের চিংড়ি উৎপাদন, রপ্তানি ও ভবিষ্যৎ সম্ভাবনার দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দেশীয় খামারিরা মাত্রারিক্ত প্রতিষেধক ব্যবহার করায় চিংড়ির উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশও হুমকির সম্মুখীন হচ্ছে। এ সময় বক্তারা প্রতিষেধক ব্যবহার না করে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে চিংড়ি উৎপাদনের ওপর জোর দেন।