সেলাই মেশিন পেলেন ২৬ বছর পর কারামুক্ত পেয়ারা
চাচাতো বোনকে পানিতে ফেলে হত্যা মামলায় ১৯৯৪ সালে ৩০ বছরের কারাদণ্ড হয় পিরোজপুরের একটি উপজেলার বাসিন্দা পেয়ারা আক্তারের (৩৭)। তখন তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় থেকে পেয়ারাকে গ্রেপ্তার করা হয়। ৩০ বছরের কারাদণ্ড হওয়ার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন পেয়ারা।
২৬ বছর কারাভোগের পর ১০ জুন বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের সুপারিশে বিশেষ বিবেচনায় সাজা মওকুফ করে চার বছর আগেই বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান পেয়ারা। কারামুক্তির পর বৃদ্ধ মাকে নিয়ে অসহায় জীবন যাপন করছিলেন তিনি। সম্বলহীন দুই ভাই অর্থাভাবের কারণে বৃদ্ধ মা এবং কারামুক্ত বোনের পাশে দাঁড়াতে পারেননি। এবার কারামুক্ত পেয়ারা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে পেয়ারাসহ কারামুক্ত নারী-পুরুষকে জীবিকা নির্বাহের জন্য তিনটি সেলাই মেশিন ও একটি ভ্যান উপহার দেওয়া হয়। বরিশাল সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক। পাশাপাশি পেয়ারাকে একটি চাকরির ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার দাস, জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।
এ সময় পেয়ারার আনন্দাশ্রু যেন ধরে না। সেলাই মেশিন পাওয়া এবং চাকরির প্রতিশ্রুতির পর আবেগাপ্লুত রাবেয়া বলেন, ‘জেলে বইয়্যা সেলাইয়ের কাম শিখছি। এহন বাড়ি বইয়্যা সেলাইর কাম কইর্যা অন্তত মা ও মোর দুইটা পেট চালাইতে পারমু। আর স্যারে যদি ছোটখাটো একটা চাকরি দেন, তয় আরও একটু ভালোভাবে বাকি জীবনডা কাটাইতে পারমু।’
পেয়ারা ছাড়াও সাধারণ ক্ষমতায় কারামুক্ত হিজলা উপজেলার আবদুর রহমানকে (৫৯) ভ্যানগাড়ি, কারাভোগের পর প্রবেশনে থাকা হিজলা উপজেলার খালেদা বেগম (৩৫) এবং বরিশাল নগরীর অপর এক নারী আশা আক্তারকে (৩২) একটি করে সেলাই মেশিন দেওয়া হয়।
কারামুক্ত পেয়ারা ২৬ বছর আগের ঘটনা মনে করে কান্না জড়ানো কণ্ঠে জানান, জমিজমা নিয়ে চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ ছিল। এর জের ধরে ওই সময় চাচাতো বোন পানিতে ডুবে মারা যাওয়ার পর তাঁকে আসামি করে হত্যা মামলা করা হয়। তখন তিনি পঞ্চম শ্রেণির ছাত্রী। এরপর বিদ্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি আদায় করে পুলিশ। ওই স্বীকারোক্তির কারণেই তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দণ্ড হওয়ার আগে দুই বছর তিনি পিরোজপুর জেলা কারাগারে ছিলেন। দণ্ড হওয়ার পর তাঁকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তাঁর দুই ভাই আদালতে তাঁকে নির্দোষ প্রমাণ করতে সহায়-সম্বল সব বিক্রি করেও তাঁকে মুক্ত করতে পারেননি।
কারামুক্তির পর নিঃস্ব পেয়ারা বাকি জীবন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তিনি বলেন, ‘বরিশালের জেলা প্রশাসক স্যার কারাগারে আইলে স্যাররে আমি সব ঘটনা খুইল্লা বলি। এরপর আমার দণ্ড মওকুফের ব্যবস্থা করেন জেলা প্রশাসক। এহন সেলাই মেশিন দিয়া আমার কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। একটা চাকরির ব্যবস্থাও করে দেওনের আশ্বাস দিছেন। এত্ত কিছু পামু, স্বপ্নেও ভাবি নাই।’
অপরাধী হয়ে কেউ জন্মান না। তাঁরা তাঁদের কৃতকর্মে হয়তোবা কারাগারে আসেন। আবার কেউ কেউ আসেন বিনা অপরাধে। আমরা অনেকবার এর প্রমাণ পেয়েছি। যথাযথ প্রমাণের অভাবে হয়তো তাঁদেরকে জেল খাটতে হয়েছে। যাঁরা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের আমরা সুপথে ফিরিয়ে আনব। সবার সহযোগিতা ও বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।
এ প্রসঙ্গে বরিশালের জেলা প্রশাসক বলেন, অপরাধী হয়ে কেউ জন্মান না। তাঁরা তাঁদের কৃতকর্মে হয়তোবা কারাগারে আসেন। আবার কেউ কেউ আসেন বিনা অপরাধে। আমরা অনেকবার এর প্রমাণ পেয়েছি। যথাযথ প্রমাণের অভাবে হয়তো তাঁদেরকে জেল খাটতে হয়েছে। পেয়ারা আক্তারের বিষয়ে তিনি বলেন, ‘পেয়ারা আক্তার ২৬ বছর জেল খেটেছেন। তিনি যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এ ছাড়া জেলখানার হাজতিদের সেলাই মেশিন, ভ্যান দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের আমরা সুপথে ফিরিয়ে আনব। সবার সহযোগিতা ও বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।’
পেয়ারা ছাড়াও একটি চুরি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সাধারণ ক্ষমতায় কারামুক্ত হিজলা উপজেলার আবদুর রহমানকে (৫৯) ভ্যানগাড়ি, হত্যা মামলায় কারাভোগের পর প্রবেশনে থাকা হিজলা উপজেলার খালেদা বেগম (৩৫) এবং বরিশাল নগরীর অপর এক নারী আশা আক্তারকে (৩২) একটি করে সেলাই মেশিন দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, সমাজসেবা বিভাগের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে কারাগারে এ ধরনের প্রশিক্ষণ ও জীবিকা নির্বাহের সরঞ্জাম দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যবস্থা করা হচ্ছে। বাড়ি ফিরে যাতে তাঁরা সম্মানের সঙ্গে কাজ করে বেঁচে থাকতে পারেন, সে লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।