সৈকত এলাকায় শুঁটকির দোকান, দুর্ভোগে পর্যটক
কক্সবাজার শহরের সমুদ্রসৈকত ও হোটেল-মোটেল জোন এলাকায় অসংখ্য শুঁটকি মাছের দোকান উচ্ছেদ করা হচ্ছে না। এসব শুঁটকির দোকান থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে দেশি-বিদেশি পর্যটকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
গতকাল বুধবার দুপুরে কলাতলী হোটেল-মোটেল জোন ঘুরে দেখা গেছে, সমুদ্রসৈকতে নামার সুগন্ধা সড়কে ২০টির বেশি শুঁটকির দোকান। সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত এসব দোকান খোলা রেখে চড়া মূল্যে শুঁটকি বিক্রি হচ্ছে। শুঁটকির দুর্গন্ধ আশপাশের হোটেলকক্ষে ছড়িয়ে পড়ছে। অনেকেই শুঁটকির দুর্গন্ধে হোটেলকক্ষ ত্যাগ করে অন্যত্র চলে যাচ্ছেন।
জিয়া গেস্ট ইন পয়েন্টের লাইটহাউস সড়কে মাত্র ৫০ গজের মধ্যে রয়েছে ২৫টির বেশি শুঁটকি বিক্রির দোকান। অনেকে খোলা রাস্তার ওপর চাটাই বিছিয়ে কাঁচা মাছ রোদে শুকিয়ে শুঁটকি করছেন। দোকানের আঙ্গিনায় ঝুলিয়ে রাখা মাছ থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।
দেখা গেছে, হোটেলে যাতায়াতের ১০টির বেশি অলিগলিতে (সড়কে) আরও শতাধিক দোকানে শুঁটকি বিক্রি হচ্ছে। অনেকে হোটেলের সামনে দাঁড়িয়ে ভ্রাম্যমাণ দোকান নিয়ে শুঁটকি বিক্রি করছেন।
স্থানীয় কয়েকজন হোটেল মালিক জানান, হোটেল-মোটেল জোন এলাকায় শুঁটকির দোকান স্থাপন নিষিদ্ধ হলেও প্রশাসনের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে এই ব্যবসা চালানো হচ্ছে। ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় তাঁরা হোটেলে অতিথি (পর্যটক) পাচ্ছেন না। ফলে তাঁদের লোকসান গুনতে হচ্ছে। এতে সরকারও মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সুগন্ধা পয়েন্ট ও সৈকত এলাকায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ভাজা মাছের দোকান উচ্ছেদ করা হচ্ছে না। এসব দোকানে কম টাকায় পচা মাছ বিক্রি করে পর্যটকের স্বাস্থ্যহানি ঘটানো হচ্ছে।
গত ১০ নভেম্বর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব অবৈধ শুঁটকির দোকান ও ভাজা মাছ বিক্রির ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত হলেও তা এখনো কার্যকর হচ্ছে না।
কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী মোস্তাক শামিম বলেন, পর্যটকের আবাসিক এলাকা কলাতলী এখন শুঁটকিপল্লিতে পরিণত হয়েছে। শুঁটকির উৎকট দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে হোটেল-মোটেল জোনের পরিবেশ।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শফিকুর রহমান বলেন, শুঁটকির দুর্গন্ধের কারণে এই এলাকায় পর্যটকেরা থাকতে চান না। ফলে দুই শতাধিক হোটেল, গেস্টহাউস ও কটেজকে লোকসান গুনতে হচ্ছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, সৈকত ও কলাতলী এলাকার শুঁটকির দোকান উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামছে। সঙ্গে পচা ও বাসি মাছ বিক্রির (ভাজা মাছ) দোকানও উচ্ছেদ করা হবে।