সৈকত মণ্ডল কোন প্রতিষ্ঠানের ছাত্র, তা নিয়ে পাল্টাপাল্টি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়করিমপুর গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে শেষ হিন্দু সম্প্রদায়ের লোকজনের ঘরবাড়ি
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় হিন্দুপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের নেতা সৈকত মণ্ডল কোন প্রতিষ্ঠানের ছাত্র, তা নিয়ে পাল্টাপাল্টি দাবি উঠেছে। রংপুর মহানগর ছাত্রলীগের দাবি, সৈকত মণ্ডল রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী। তবে দর্শন বিভাগ জানিয়েছে, সৈকত স্নাতক (সম্মান) পাস করেছেন। মাস্টার্স ভর্তিপ্রক্রিয়া শুরু না হওয়ায় তিনি এখন রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী নন।

মঙ্গলবার রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পীরগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সৈকত মণ্ডল আছেন। সৈকত রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী। তাঁর শিক্ষাবর্ষ ২০১৫-১৬। তাঁর পরীক্ষার রোল নম্বর ৯১০২৪০৯। মূলত আসল পরিচয় গোপন করে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের আওতাভুক্ত দর্শন বিভাগ শাখার সহসভাপতি পদে কৌশলে অনুপ্রবেশ করেন তিনি। বিভিন্ন রকম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংগঠনে অনুপ্রবেশ করে ষড়যন্ত্র করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। উদ্ভূত পরিস্থিতিতে ২৪ অক্টোবর ছাত্রলীগ মহানগর কমিটির পক্ষ থেকে মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আবু যোবায়েদ খান প্রথম আলোকে বলেন, শিক্ষার্থী সৈকত মণ্ডল ২০১৫-১৬ সেশনে জয়পুরহাট সরকারি কলেজে প্রথম ভর্তি হন। সেখান থেকে বদলি নিয়ে রংপুর সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তি হন। বর্তমানে সৈকত অনার্স পাস করেছেন। এখন তিনি কোথাও শিক্ষার্থী নন। কেননা, অনার্স পাস শিক্ষার্থীদের এখনো মাস্টার্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়নি।
সৈকত মণ্ডল পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানিদাতা ছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়। ২২ অক্টোবর র‌্যাব তাঁকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে জিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাব-১৩-এর পক্ষ থেকে একটি মামলা হয়েছে।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন প্রথম আলোকে বলেন, আসলে সৈকত মণ্ডল কৌশলে কারমাইকেল কলেজ কমিটিতে জড়িয়ে পড়েন। এটি যাচাই-বাছাই করে দেখার পর বেরিয়ে এল যে তিনি কারমাইকেলের ছাত্র নন, রংপুর সরকারি কলেজের ছাত্র। সেখানে তিনি সংগঠনের সঙ্গে যুক্ত নন।

এ বিষয়ে জানার জন্য মঙ্গলবার বিকেলে কারমাইকেল কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান বসিরুল হাসান সরকারের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলে তিনি ধরেননি। নাম প্রকাশ না করার শর্তে একই বিভাগের এক শিক্ষক বলেন, সৈকত মণ্ডল নামে তাঁদের বিভাগে কোনো শিক্ষার্থী ছিলেন না। যত দূর জানা গেছে, পীরগঞ্জের ঘটনার সঙ্গে সম্পৃক্ত সৈকত মণ্ডল রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।