সৈকতে আবারও ভেসে এল দুটি মৃত ডলফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেসে আসা ৭ থেকে ৮ ফুট দৈর্ঘ্যের ডলফিন দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পশ্চিম খাজুরা এলাকায় ও গঙ্গামতি সৈকতে আবারও দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ শুক্রবার সকালে এবং দুপুরের জোয়ারে ডলফিন দুটি ভেসে এসেছে বলে জানা গেছে। এদিকে গঙ্গামতি সৈকত এলাকায় একটি মৃত রাজকাঁকড়াও পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ভেসে আসা ডলফিন দুটি ইরাবতী প্রজাতির। মৃত ডলফিন দুটিকে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের সহায়তায় মাটি চাপা দেওয়া হয়েছে। আর যে কাঁকড়াটি পাওয়া গেছে, তা রাজকাঁকড়া নামে পরিচিত। কাঁকড়াগুলো মূলত প্রজননের জন্য তীরবর্তী এলাকায় চলে আসে, এ সময় তারা মারা গেলে সৈকতে ভেসে আসে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ভেসে আসা ডলফিন দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ডলফিন দুটির দৈর্ঘ্য ৭ থেকে ৮ ফুট। কুয়াকাটা সৈকতে চলতি মাসে আরও তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে। সব মিলিয়ে গত আট মাসে কুয়াকাটা সৈকতে ১০টি মৃত ডলফিন ভেসে এসেছে। কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ভেসে আসার ঘটনা নতুন নয়। এখন জরুরিভাবে জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে ডলফিন সম্পর্কে অবগত করা প্রয়োজন। এতে কিছুটা হলেও ডলফিনের মৃত্যু কমে আসতে পারে।

এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্যাহ্ বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী ডলফিন সুরক্ষার বিষয়টি বন বিভাগের দায়িত্বে পড়েছে। তবে সমুদ্রে মাছ ধরার সময় যেন জেলেদের অসতর্কতার কারণে ডলফিনসহ অন্যান্য মাছ মারা না যায়, আমরা সেসব বিষয়ে জেলেদের সচেতন করে থাকি। এ জন্য জেলেদের প্রশিক্ষণও দেওয়া হয়।’

এদিকে ডলফিনগুলো মরে পচে যাওয়ায় মাটি চাপা দেওয়া ছাড়া কিছুই করার থাকে না বলে জানান এমদাদউল্যাহ্। মৃত ডলফিনের ময়নাতদন্ত করা গেলে ডলফিন মৃত্যুর প্রকৃত কারণ বের করা সম্ভব হতো বলে মনে করেন তিনি।

ডলফিন মারা যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে এমদাদউল্যাহ্ জানান, গভীর সমুদ্রে বড় বোট নিয়ে মাছ শিকার করা হয়। আমাদের দেশেও এ ধরনের ২৫৫টি বোট আছে। এগুলোর মধ্যে ২০০টি বোট সমুদ্রে মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। তবে বোটগুলোর সবই চট্টগ্রাম অঞ্চলের। এসব মেকানাইজ বোটের জালে ডলফিনগুলো পেঁচিয়ে পড়ে মারা যেতে পারে। এটিই ডলফিন মৃত্যুর প্রধান কারণ বলে মনে করছে মৎস্য বিভাগ। কুয়াকাটায় বেশ কিছুদিন ধরে মৃত ডলফিন ভেসে আসার পর ইতিমধ্যে চট্টগ্রাম অঞ্চলের মৎস্য অধিদপ্তরের মেরিন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালীর জেলার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘ডলফিন বন্য প্রাণী আইন দ্বারা সংরক্ষিত। আমরা ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি অব বাংলাদেশের সহায়তায় ‘ডলফিন রেসপন্স টিম’ গঠন করব। এ টিমে মৎস্য বিভাগ, বন বিভাগ ও জেলেদের প্রতিনিধি থাকবে। আগামী মাসের প্রথম সপ্তাহে ডলফিন নিয়ে কুয়াকাটায় আমরা প্রচারণা ক্যাম্পেইন করতে পারব বলে আশা করছি। তা ছাড়া ডলফিন সুরক্ষার জন্য আরও কী করা যায়, তা নিয়েও বন বিভাগের কেন্দ্রীয় দপ্তরে কাজ চলছে।’