সৈয়দপুর স্টেশনে বন্ধ ওয়াগন থেকে গম চুরি
ওয়াগনের দরজা বন্ধ। সিলগালা ঠিকঠাক। অথচ বন্ধ ওয়াগন থেকে উধাও হয়েছে প্রায় আড়াই টন গম। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইয়ার্ডে রাখা এক ওয়াগন থেকে এ গম চুরির ঘটনা ঘটে। বুধবার সকালে খালাস শ্রমিকেরা কাজে এসে বিষয়টি বুঝতে পারেন।
সংশ্লিষ্টরা বলেন, খুলনার গম ব্যবসায়ী এস এম মোজাফফর রশিদী রেজা গত শুক্রবার খুলনার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) থেকে ১ হাজার ৩৫০ টন গম সৈয়দপুরে নিয়ে আসেন। ৩০টি মালবাহী ওয়াগনে করে এসব গম আনা হয়। প্রতিটি ওয়াগনে কমপক্ষে ৪৫ টন গম নিয়ে আসা হয়। এসব গম গত শনিবার থেকে সৈয়দপুরের সরকারি খাদ্যগুদামে স্থানান্তরের কাজ চলছে। এত দিন যেসব ওয়াগন খোলা হয়েছে সবগুলো ঠিক ছিল। কিন্তু বুধবার সকালে যে ওয়াগন খোলা হয় সেখানে বস্তা কাটা ছিল। গম মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
মোজাফফর রশিদী বলেন, বুধবার সকালে খালাস করা শ্রমিকেরা মাল আনলোড (মাল নামানোর) কাজে যোগ দেন। এ সময় সবার উপস্থিতিতে ওয়াগনের সিল খুলে দেখা যায়, এর ভেতর থেকে প্রায় আড়াই টন গম উধাও হয়েছে। গতকাল রাতে স্টেশন এলাকা থেকে ওই গম চুরি হয়েছে। ওয়াগনের দরজার নিচ দিয়ে চাকু ঢুকিয়ে গম চুরি হয়েছে বলে ধারণা করছেন তিনি।
রেলস্টেশনে মালামাল খালাস কাজে নিয়োজিত শ্রমিকদের সরদার জিকরুল হক জানান, এর আগে রেলস্টেশন থেকে এ ধরনের চুরির ঘটনা আর ঘটেনি।
রেলওয়ে মাস্টার শওকত আলী জানান, স্টেশন এলাকায় যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা আছে। ইয়ার্ডের পাশে রয়েছে সৈয়দপুর রেলওয়ে থানা। এত নিরাপত্তা ভেদ করে চুরির ঘটনা ঘটতে পারে না। গম চুরির ঘটনাটি স্টেশনের বাইরে ঘটতে পারে।
সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, চুরির ঘটনাটি রহস্যজনক। সিলগালা ঠিক আছে অথচ ওয়াগনের ভেতর থেকে গম চুরি গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।