সৈয়দপুরে চারটি আটাকলকে জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে আটা বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার না করায় চারটি আটাকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সৈয়দপুর বিসিক শিল্পনগরী ও কামারপুকুর বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
চারটি প্রতিষ্ঠান হলো সৈয়দপুর বিসিক শিল্পনগরীর মেসার্স খলিল অটো ফ্লাওয়ার মিলস, মেসার্স গাউসিয়া মেজর অটো ফ্লাওয়ার মিলস, মেসার্স শ্যামলী ফ্লাওয়ার মিলস ও শহরের অদূরে কামারপুকুর বাজারে অবস্থিত মেসার্স আফজাল অটো ফ্লাওয়ার মিলস। প্রতিটি আটাকলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো পাটের বস্তার বদলে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এ বিশেষ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈবুর রহমান, সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার রায়।