সৈয়দপুরে চিকলী নদীর বাঁধ সংস্কারের দাবি
নীলফামারীর সৈয়দপুরে ভাঙন বন্ধ ও পানিপ্রবাহ সুগম করতে চিকলী নদীর ১২ কিলোমিটার এলাকায় খননকাজ চলছে। প্রতিবারের মতো খনন করা হলেও বিগত বন্যায় ওই নদীর পাড়ের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার না করায় খননকাজ কোনো কাজে আসছে না। এ পরিস্থিতিতে চিকলী নদীর বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রোববার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া পালপাড়া–সংলগ্ন ময়নার কুড়া এলাকায় চিকলী নদীর খননকাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, উপবিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম, নীলফামারীর উপবিভাগীয় প্রকৌশলী আমিনুর রহমান, নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন। ১৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে।
এ সময় চওড়া পালপাড়া, কুমারগাড়ী, বেলপুকুর, সাতপাই গ্রামের শতাধিক মানুষ বাঁধ মেরামতের পর খনন করার জোর দাবি জানান। তাঁরা বলেন, প্রতিবারই পাউবো খননকাজ করে। কিন্তু নয়ছয়ভাবে খনন করায় কিছুদিন পরই তলদেশ আবার ভরাট হয়ে যায়। ফলে এই খননকাজের ফল পাওয়া যায় না, বরং সরকারি অর্থ পানিতে যায়।
এলাকাবাসী যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান উপস্থিত কর্মকর্তাদের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।
এ বিষয়ে পাউবোর সৈয়দপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, খনন করা নদীর মাটি দিয়ে উভয় পাড়ের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। সে অনুযায়ী তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেবেন।