সৈয়দপুরে দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ নেতা আহত
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুর্বৃত্তের মারধরে উপজেলার আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তির নাম মোতালেব হোসেন। তিনি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। এর পাশাপাশি তিনি রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার নীলফামারী প্রতিনিধি।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শহরের পাঁচমাথা মোড়ে একদল ব্যক্তি অতর্কিত হামলা চালান মোতালেব হোসেনের ওপর। বেধড়ক পিটুনির একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও চলতে থাকে লাথি ও ঘুষি। এ অবস্থায় তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান এলাকার লোকজন। হামলার খবর শহরে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তাঁরা একে একে হাসপাতালে ভিড় জমাতে থাকেন।
আজ শনিবার সকালে দেখা করতে গেলে তিনি বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যানের লোকজন আমার ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের আমি চিনি। এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নেব। ওই দিন রাতে আমি ঢেলাপীর হাট থেকে ফিরছিলাম। ওই হাটের ইজারাদার আমি। এ সময় আমার কাছে পাঁচ লাখের মতো টাকা ছিল। হামলাকারীরা তা ছিনিয়ে নেয়।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন এ বিষয়ে বলেন, হামলার ঘটনাটি তিনি শুনেছেন। মোতালেব হোসেন হক একজন বিতর্কিত মানুষ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি এ ঘটনায় জড়িত নন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।