সৈয়দপুরে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিসিক শিল্পনগরী-সংলগ্ন একটি পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম সাব্বির হোসেন ওরফে কালু। তিনি সৈয়দপুর শহরের নিয়ামতপুর চামড়া গুদাম ক্যাম্পের মৃত নাসিম উদ্দিন ছেলে। সাব্বির বাস-ট্রাকের ইঞ্জিন মেরামতের কাজ করতেন বলে জানা গেছে। সাব্বির মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয় লোকজন দাবি করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া লাশের পাশ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে ইতিমধ্যে তদন্তে নেমেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।