সৈয়দপুরে ভিক্ষুকের টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে এক ভিক্ষুকের টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ভিক্ষুকের নাম শফিক উদ্দিন। বাড়ি শহরের হাতীখানা অবাঙ্গালী ক্যাম্পে।

স্থানীয় ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, শফিক উদ্দিন দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। তাঁর বয়স প্রায় এক শ। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। একটি চটের থলে, একটি লাঠি ও টিনের কৌটা নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করেন। হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষার টাকা চটের থলেতে রাখতেন তিনি।

দুপুরে টাকার থলেটি এক যুবক তাঁর কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। থলের ভেতর রুটি, চালসহ অন্যান্য সামগ্রী ছিল।

ভুক্তভোগী শফিক উদ্দিন বলেন, ‘মসজিদে ওজুখানার সামনে অজ্ঞাতনামা এক যুবক এসে আমার কাছ থেকে টাকার থলে চায়। দিতে না চাইলে সে আমাকে হুমকি দেয়। পরে জোর করে থলেটি ছিনিয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি।’