সৈয়দপুরে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলচালক নিহত
নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাসের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের দুজন আরোহী। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. লিমন (২২)। তিনি রংপুরের বদরগঞ্জের রাধানগরের আবদুল গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢেলাপীর থেকে মাইক্রোবাসটি সৈয়দপুর বাস টার্মিনালে যাচ্ছিল। পথে বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতালের কাছে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে লিমনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই রাগিব ও মোটরসাইকেলের অপর আরোহী ইমরান গুরুতর আহত হন। রাগিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় এখনো মামলা হয়নি।