সৈয়দপুরে মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমেদকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার ওয়াপদা হাজীপাড়া এলাকার বাড়ি থেকে মোস্তাককে গ্রেপ্তার করা হয়। তিনি ওয়াপদা হাজীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ২০১৫ সালে মোস্তাক আহমেদের নামে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতে চেক জালিয়াতির একটি মামলা হয়। মামলার পর আদালত আসামিকে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও তিনি হাজির হননি। পরে মামলার স্বাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে তাঁর অনুপস্থিতিতে চলতি বছরের ৩১ জানুয়ারি আদালত মোস্তাক আহমেদকে এক বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের পরোয়ানাটি নীলফামারী পুলিশ সুপারের মাধ্যমে সৈয়দপুর থানায় পাঠানো হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসনাত খান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের পর আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।