সৈয়দপুরে শেষ হলো বাহারি পিঠা উৎসব
নীলফামারীর সৈয়দপুরে ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে বসেছিল বাহারি পিঠা উৎসব। সঙ্গে ছিল পণ্যমেলাও। সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নারী উদ্যোক্তাদের দুই দিনব্যাপী এ মেলা আজ মঙ্গলবার রাতে শেষ হয়।
মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন উপস্থিত ছিলেন।
দুই দিনই এ মেলা ছিল বেশ জমজমাট। এতে নারীদের হাতে তৈরি বাহারি পিঠার ১৫টি, পাটজাত ও কারুপণ্যের ৬টি স্টলসহ মোট ২১টি স্টল স্থান পায়। এ ছাড়া ছিল সকাল থেকে রাত পর্যন্ত কবিতা আবৃত্তি, নাটিকা ও গানের আসর।
এর আগে গত সোমবার সৈয়দপুর নারী উন্নয়ন ফোরাম, সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম ও শ্রজীনা নারী সংগঠনের আয়োজনে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে ফিতা কেটে এ পিঠা উৎসব ও পণ্যমেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, নারী উন্নয়ন ফোরামের সভাপতি এবং পিঠা উৎসব ও পণ্য মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান সানজিদা বেগম। বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের সভাপতি সৈয়দপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক শিউলি বেগম।