সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালকসহ নিহত ২
তড়িঘড়ি করে ছুটছিলেন মহিদুল ইসলাম। তিনি পেশায় নীলফামারীর সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক। রোগী আনতে হবে। তাই দুপুরের খাবার খেয়েই চক্ষু হাসপাতালের দিকে ছুটছিলেন। কিন্ত কাল হয়ে দাঁড়াল দ্রুতগতির বাসটি। রাস্তা পার হওয়ার আগেই বাসের নিচে চাপা পড়েন মহিদুল।
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় চক্ষু হাসপাতালের ড্রাইভারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ বিকেলে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের মরিয়ম চক্ষু হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মহিদুল ইসলামের (৪০) বাড়ি রংপুর বিভাগীয় শহরের পার্কপাড়া এলাকায়। নিহত আরেকজনের নাম মঞ্জুর আলী (৫৯)। বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মল্লিকপাড়া এলাকায়।
স্থানীয় ব্যক্তিরা জানান, ঠাকুরগাঁও থেকে বগুড়া যাচ্ছিল ফাহিম এন্টারপ্রাইজের বাসটি। ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় বাসটি মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মহিদুল ইসলামকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
একপর্যায়ে বাসটি সড়কের পাশে নিচু ধানখেতে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রী মঞ্জুর আলী মারা যান।
মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক আবদুল্লাহ আল ফারুক জানান, মহিদুল তিন বছর ধরে মরিয়ম চক্ষু হাসপাতালের কুড়িগ্রাম শাখায় অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন। গত মাসে এখানে যোগদান করেন। ঘটনার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি মারা যান।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম জানান, বাসের চালক পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।