সোনাইমুড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ডলি আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ডলি আক্তার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় বছর আগে মুরাদপুর গ্রামের প্রবাসী আবু তাহেরের সঙ্গে ডলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল ডলির। এসব বিষয়ে স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল সন্ধ্যার পর নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ডলি। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁর লাশ আড়ার সঙ্গে ঝুলতে দেখে থানায় খবর পাঠান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
ডলি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ওসি তৌহিদুল ইসলাম। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে ডলি আক্তার আত্মহত্যা করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।