সোনাগাজীতে করোনায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মো. সালাউদ্দিন (৪৬) নামে এক মাদ্রাসাশিক্ষক মারা গেছেন। গতকাল রোববার রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েক দিন আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুন পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ৬ জুন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ আসে। এর পর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ২ জুন তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ চারজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তাঁরা সবাই বাড়িতে থেকে স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বিকেলে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। রাতে শ্বাসকষ্ট ও কাশি বাড়লে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন সপরিবারে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। এ নিয়ে সোনাগাজী উপজেলায় পাঁচজন কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে।
উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রবিউজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল রাতেই বিশেষ ব্যবস্থাপনায় তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।