সোনাগাজীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করলেন ছাত্রলীগের কর্মীরা
ফেনীর সোনাগাজীতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই সংগঠনটির এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ডসংলগ্ন গণশৌচাগারের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল কর্মীর নাম ওমর ফারুক ওরফে আরমান (১৯)। তিনি সোনাগাজী সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ও পৌরসভার পশ্চিম ছাড়াইতকান্দি এলাকার ওসমান হারুনের ছেলে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একদল ছাত্রলীগ কর্মী ওমর ফারুক ও আকবর হোসেন নামের দুই ছাত্রদল কর্মীকে কলেজে কলেজের নির্ধারিত পোশাক পরে আসার অজুহাত তুলে কলেজ আঙিনায় মারধর করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ছাত্রদল কর্মী ওমর ফারুক কলেজ ছুটির পর বাজারের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথে পৌর শহরের গণশৌচাগারের সামনে আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগ কর্মী রায়হান, একরাম ও নাহিদের নেতৃত্বে ১০-১২ জন তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা ধারালো অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ওমর ফারুককে গুরুতর আহত করে চলে যান। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এর আগে গত বুধবার দুপুরে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করে। এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং ওই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সোনাগাজী উপজেলায় ছাত্রদলের নেতা-কর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহতের ঘোষণা দেন। ওই ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই পৌর শহরে কলেজ ছাত্রদল কর্মী ফারুকের ওপর হামলার ঘটনা ঘটে।
আমি শুনেছি ছাত্রদল কর্মী ফারুক পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগের এক কর্মীর গায়ে হাত তুলেছে। পরে কলেজের শিক্ষক ও পুলিশ অভিভাবকদের ডেকে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। তবে ফের ছাত্রদল কর্মীর ওপর হামলার ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী বলেন, ‘আমি শুনেছি ছাত্রদল কর্মী ফারুক পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগের এক কর্মীর গায়ে হাত তুলেছে। পরে কলেজের শিক্ষক ও পুলিশ অভিভাবকদের ডেকে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। তবে ফের ছাত্রদল কর্মীর ওপর হামলার ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই।’
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিনা কারণে ছাত্রলীগের কর্মীরা ওমর ফারুককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন। ঘটনার পর থেকে সোনাগাজী উপজেলায় ছাত্রদলের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। যারা সোনাগাজীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।