সোনাগাজীতে দিনদুপুরে প্রবাসীর বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তরা আলমারির তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজীতে এক প্রবাসীর বাসা থেকে দুর্বৃত্তরা স্বর্ণাংলকার ও টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দিনদুপুরে পৌর শহরের খাদ্যগুদামসংলগ্ন মাস্টার টাওয়ারের নিচতলায় এ ঘটনা ঘটেছে।

প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী শিরিন আক্তার বলেন, তাঁরা ওই বাসায় ভাড়ায় থাকেন। আজ দুপুরে তিনি বাসায় তালা দিয়ে ছোট ছেলেকে স্কুল থেকে আনতে যান। ছেলেকে নিয়ে বাসায় ফিরে দেখেন, জানালার গ্রিল কাটা এবং বাড়ির সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

শিরিন আক্তারের দাবি, দুর্বৃত্তরা আলমারির তালা ভেঙে ৩ ভরি সোনার গয়না, ৩৫ হাজার টাকাসহ ৩ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শহর এলাকায় প্রায়ই দিনদুপুরে দরজার তালা ভেঙে ও জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটছে। এসব ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় এলাকার বাসামালিক-ভাড়াটেসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।